রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » গরু মোটাতাজা করতে দেশে আসছে নিষিদ্ধ ওষুধ, হুমকিতে জনস্বাস্থ্য


গরু মোটাতাজা করতে দেশে আসছে নিষিদ্ধ ওষুধ, হুমকিতে জনস্বাস্থ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৬

cow-fatপূর্বাশা ডেস্ক:

কুরবানিকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে গরু মোটাজাতকরণ। গরু মোটাতাজা করতে মৌসুমি ব্যবসায়ীরা মরিয়া হয়ে উঠেছেন। ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট খাইয়ে দ্রুত গরু মোটাতাজাকরণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বেশি মুনাফার লোভে মৌসুমি গরু ব্যবসায়ীরা এ পদ্ধতির দিকে ঝুঁকে পড়েছেন। দেশের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে এসব অবৈধ ওষুধ দেশে আসছে।

কুরবানির হাটে আসা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ এবং বেশি দামে পশু বিক্রির জন্য মালিক ও ব্যবসায়ীরা গরুকে এসব ওষুধ খাওয়াচ্ছেন। এগুলো খেয়ে গরু নানা রোগে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত গরুর মাংস খেলে মানুষও নানা রোগে আক্রান্ত হতে পারে। দেশের বিভিন্ন জেলা থেকে জব্দ করা হয়েছে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট। এখনই এসব নিষিদ্ধ ট্যাবলেট দেশে আসা বন্ধ করা না যায় তাহলে হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য এমনিই বলেছেন বিশেষজ্ঞরা।

এসব ট্যাবলেট খাওয়ানো গরুর মাংস খেলে মানুষ নানারকম রোগে আক্রান্ত হতে পারে। ডাক্তাররা জানান, এই পদ্ধতিতে অতিরিক্ত স্টেরয়েড গরুর মাংসে সঞ্চিত হয়। রান্নার তাপেও তা নষ্ট হয় না। এই মাংস খেলে মানুষের শরীরেও প্রচুর পরিমাণে এই বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো ঢুকে যায়। গরুর মতোই তখন তা মানুষেরও কিডনি, লিভার বিকল করে দেয়। রক্তেও মিশে যায় এসব হরমোন। ফলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায় অনেকগুণ।

দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্তে ৬৫ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ গরু মোটাতাজাকরণ ভারতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। ১০ আগস্ট বুধবার ভোর ৫টার দিকে হাকিমপুর উপজেলার দলারদরগা এলাকা হতে ওই ট্যবলেট জব্দ করা হয়।

বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম জানান, বুধবার ভোরে হাকিমপুরের দলারদরগা এলাকা দিয়ে একদল চোরাকারবারী মোটরসাইকেল যোগে অবৈধ পণ্য নিয়ে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোটরসাইকেল থেকে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ভারতীয় প্যারাকটিন ট্যাবলেট ৩ লাখ ১৮ হাজার পিস ও সেটম্যাক্স ট্যাবলেট ৪ হাজার ৮শ’ পিস জব্দ করেন। যার অনুমানিক মূল্য ৬৪ লাখ ৫৬ হাজার টাকা বলে বিজিবি জানায়। জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধ অভিযান আমাদের অব্যাহত থাকবে।

৪ জুলাই দিনাজপুরের হিলি সীমান্তে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। সীমান্তবর্তী বোয়লদার এলাকার মাঠ থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, একদল চোরাকারবারি ভারত থেকে চোরাইপথে বিপুলসংখ্যক ট্যাবলেট পাচার করে দেশের অভ্যন্তরে নিয়ে যাচ্ছে। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল বোয়ালদার এলাকার ধান ক্ষেতে ওত পেতে থাকে। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ৪ লাখ ১০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট, নেশা জাতীয় ইঞ্জেকশন ও ট্যাবলেট, গরু মোটাতাজাকরণ ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৯৫ লাখ ৫৮ হাজার ৮৭০ টাকা।

এর আগে ১১ জানুয়ারি হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ গরু মোটাতাজাকরণ ৩৫ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৮ জুন দিনাজপুরের হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় গরু মোটাতাজাকরণ ১৪ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনার দিন ভোর সাড়ে ৫টায় এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি মংলা বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ জানান, ভারতীয় ওষুধের বড় একটি চালান দেশের অভ্যন্তরে আসছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সাতকুড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৪ হাজার মোটাতাজাকরণ ডেক্সিন ট্যাবলেট পিস উদ্ধার করা হয়।

১৭ এপ্রিল মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত থেকে গরু মোটাতাজাকরণের ৫০০ পিস ট্যাবলেট জব্দ করা হয়েছে। কাথুলী লিচু বাগান এলাকা থেকে বিজিবি সদস্যরা এসব ট্যাবলেট জব্দ করেন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। কাথুলী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, কাথুলী লিচু বাগান সীমান্ত দিয়ে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৫০০ পিস ট্যাবলেট জব্দ করা হয়।

২১ মার্চ মেহেরপুর সদরের বুড়িপোতা সীমান্ত থেকে আরমিন্ট নামে ৫০ হাজার পিস ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। জব্দ করা ট্যাবলেটের আনুমানিক দাম পাঁচ লাখ টাকা। বিজিবি জানায়, সদর উপজেলার বুড়িপোতা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল ১১৬ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের (মেইন পিলার) কাছে অভিযান চালায়। সেখানে থেকে পরিত্যক্ত অবস্থায় আরমিন্ট নামে ভারতীয় গরু মোটাতাজাকরণ ৫০ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

২০ ফেব্রুয়ারি জয়পুরহাট-৩ বিজিবি সদস্যরা দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি-ফকিরপাড়া এলাকা থেকে ৪০ লাখ টাকা মূল্যের ২ লাখ পিস ভারতীয় প্র্যাকটিন গরু মোটাতাজাকরন ট্যাবলেট জব্দ করেছেন।

হিলি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত বিজিবি সুবেদার আতাহার আলী জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা হিলি ফকিরপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা ট্যাবলেটগুলো ফেলে দিয়ে পালিয়ে যান। জব্দকৃত ট্যাবলেটগুলো হিলি শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, হিলি থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি