স্বাধীনতাপরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থনৈতিক দর্শন ছিল যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন ও দারিদ্র্য বিমোচন। সেই লক্ষ্য নিয়েই ১৯৭২ সাল থেকে বঙ্গবন্ধু সরকার কাজ শুরু করে। ওই সময়ে দেশের ব্যাংকগুলো ছিল টাকাশূন্য। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বলতে কিছুই ছিল না।
সরকারের রাজকোষও ছিল একদম শূন্য। প্রবাসীদের রেমিট্যান্স বা রপ্তানি আয় এসব কিছুই ছিল না। ছিল না বিদেশি অনুদানও। ওই সময়ে বাংলাদেশ পুনর্গঠনে প্রযুক্তি ও আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে রাশিয়া। পাশে ছিল ভারত। আর ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী অর্থনৈতিক নীতি। এ সময়ে অর্থনৈতিক কর্মকা-গুলো দেখাশোনা করতেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। মূলত তার পরিকল্পনাতেই অর্থনীতি পরিচালিত হতো। শুরুতেই তিনি দেশের কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো পুনর্গঠন করেন। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালুর ব্যবস্থা করেন। ১৯৭২ সালের শুরুর দিকেই চালু করা হয় নিজস্ব মুদ্রা টাকা। সরকারের কোনো সম্পদ না থাকায় কেন্দ্রীয় ব্যাংকে থাকা বিদেশি মুদ্রা বন্ধক রেখে দেশি মুদ্রা টাকা বাজারে ছাড়া হয়। ব্যাংকগুলোয় আমানত সংগ্রহের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
একই সঙ্গে দেশ থেকে কাঁচাপাট রপ্তানির উদ্যোগ নেওয়া হয়। মুক্তিযুদ্ধে যেসব দেশ বাংলাদেশের পক্ষে ছিল, তাদের কাছ থেকেও এ বিষয়ে সহায়তা নেওয়া হয়।
উল্লেখ্য, স্বাধীনতা অর্জনের ৪ বছর আগে ১৯৬৬ সালে বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের স্বাধিকার আদায়ে ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন। ওই কর্মসূচিতেও তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য আলাদা মুদ্রাব্যবস্থা চালুর কথা বলা হয়। একই সঙ্গে বলা হয় অর্থনৈতিক বৈষম্য নিরসনের কথা।
যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশবাসীর উদ্দেশে বলেন, আগামী তিন বছর আপনাদের কিছু দিতে পারব না। তারপরও তিনি তিন বছরে দেশকে পুনর্গঠনের দিকে এগিয়ে নিয়ে গেছেন।
এ বিষয়ে বিশিষ্ট ব্যাংকার ও অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহীম খালেদ আমাদের সময়কে জানান, বঙ্গবন্ধুর সময়ে দেশের অর্থনীতির মূল দর্শন ছিল সমাজকল্যাণনির্ভর। এমন দর্শন নিয়েই তিনি যুদ্ধপরবর্তী সময়ে দেশ পুনর্গঠনের কাজ শুরু করেন। যেখানে তিনি রাষ্ট্র, ব্যক্তি ও সমাজের মধ্যে মানুষে মানুষে ভেদাভেদ দূর করতে কাজ করেন। একই সময় যুদ্ধবিধ্বস্ত দেশের অবকাঠামো নতুন করে তৈরিতে বেশি মনোযোগ দেওয়া হয়। তিনি আরও জানান, বর্তমানে দেশ যুদ্ধপরবর্তী সময়ের অর্থনীতির দর্শন থেকে অনেকটা সরে এসেছে। এখন পুঁজিবাদী অর্থনীতি অনুসরণ করছে। অর্থনীতি এখন আর কল্যাণকর দিকের দর্শনে নেই। যেখানে মানুষে মানুষে বৈষম্য বাড়ছে।
এই অর্থনীতিবিদ আরও জানান, যুদ্ধপরবর্তী সময়ে অনেক ছোট-বড় শিল্পকারখানা পুনরুদ্ধার করা হয়, যা পরে নানান কারণে বন্ধ করে দিতে হয়েছেÑ যা আমাদের ব্যর্থতার অন্যতম একটি বিষয়।
স্বাধীন বাংলার প্রথম বাজেটে তখনকার অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধুর কথার রেশ ধরে বলেছিলেনÑ আমরা যে সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের চেষ্টা করছি, তার জন্য আমাদের অনেক কষ্ট স্বীকার করতে হবে। যাতে আগামীতে আমাদের সন্তানের কষ্ট লাঘব করতে পারি।
তাজউদ্দীন আহমদের দেওয়া প্রথম বাজেটের পর কেটে গেছে চার যুগ। এ সময় দেশের অর্থনীতি বিকশিত হয়েছে। ব্যবসা-বিনিয়োগ বেড়েছে। তবুও সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ যেন স্বপ্নই রয়ে গেছে। সামরিক ও গণতান্ত্রিক সরকারের বাজেটগুলোয় বিভিন্ন সময় বিপ্তিভাবে নানা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের চেষ্টা হয়েছে। বাজেটের অঙ্কের সঙ্গে রাজস্ব আদায়, ব্যয় ও ঘাটতি বেড়েছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতি ও আদর্শের পরিবর্তন হয়েছে। অবকাঠামো খাতেও উন্নয়ন হয়েছে। সামরিক সরকারগুলো রাতারাতি জনপ্রিয়তা অর্জনের জন্য বাজেটকে ‘গণমুখী আবরণে’ ঢাকার চেষ্টা করেছে। উদ্বৃত্ত বাজেট থেকে ধারাবাহিকভাবে ঘাটতি বাজেট এসেছে। বেড়েছে বৈদেশিক নির্ভরতা। নব্বইপরবর্তী গণতান্ত্রিক সরকারগুলোর সময়ও কমবেশি একই চিত্র ছিল বাজেটে। এ সময় ব্যক্তিবিনিয়োগ, আমদানি-রপ্তানি সবই বেড়েছে। সৃষ্টি হয়েছে নানা প্রেসার গ্রুপের। পরিবর্তন এসেছে রাজস্ব ব্যবস্থাপনায়। ফলে দীর্ঘ সময়েও আঞ্চলিক বৈষম্য কমেনি। স্বাধীনতার পর সমাজের একটি অংশ উচ্চবিত্তে পরিণত হলেও নিচতলার মুখগুলো জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির সুফল থেকে বঞ্চিতই রয়ে গেছে।
স্বাধীনতার পর গণপরিষদ না থাকায় রেডিও, টেলিভিশনে ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট তুলে ধরেন তৎকালীন অর্থ ও পাটমন্ত্রী তাজউদ্দীন আহমদ। স্বাধীনতার পর তিনি পেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশ, দেউলিয়া অর্থব্যবস্থা; রেলপথ, সড়ক ও নৌপথ ছিল বিচ্ছিন্ন। নিমজ্জিত জাহাজ আর ভাসমান মাইনে সমুদ্রবন্দর ছিল বন্ধ, শিল্পগুলো শত্রুর আঘাতে ছিল বিধ্বস্ত; যন্ত্রপাতি আর কাঁচামালের অভাবে কলকারখানা ছিল বন্ধ। সম্পদ ও বৈদেশিক মুদ্রাবিহীন ও যথাযথ প্রশাসন যন্ত্রবর্জিত নতুন সরকারের জন্য এসব সমস্যার সমাধান ছিল অসম্ভব কাজ।
স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সরকারের বাজেটগুলোর প্রথম কয়েকটিতে সরকারকে মনোযোগ দিতে হয়েছিল অবকাঠামো পুনর্গঠনে। তাই উন্নয়ন বাজেটের উল্লেখযোগ্য অংশ বরাদ্দ রাখতে হতো সেখানে।
১৯৭২-৭৩ অর্থবছরে বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। এ বাজেটে রাজস্ব আয় ২৮৫ কোটি ৩৮ লাখ টাকা ও রাজস্ব ব্যয় ধরা হয়েছিল ২১৮ কোটি ৪৩ লাখ টাকা। উন্নয়ন, পুনর্গঠন ও পুনর্বাসনে বরাদ্দ দেওয়া হয়েছিল ৫৭১ কোটি টাকা। এর মধ্যে ৩১৮ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পল্লি অর্থনীতি পুনর্গঠনের কাজে বরাদ্দ দেওয়া হয়। জোর দেওয়া হয় গ্রামীণ অর্থনীতির বিকাশে।
জাতির প্রথম ওই বাজেটে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা পুরোপুরি পরিহার করা হয়। নতুন করে কোনো খাতে করারোপ করা হয়নি। নিত্যপণ্যের আমদানি শুল্ক ত্রেভেদে হ্রাস ও প্রত্যাহার করা হয়। শিা ও সমাজকল্যাণে ছিল সর্বোচ্চ বরাদ্দ, ৪৩ কোটি ৭২ লাখ টাকা। প্রতিরায় বরাদ্দ ছিল ৪০ কোটি টাকা।
প্রথম অর্থবছরেই দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পুনর্গঠন, কেন্দ্রীয় ব্যাংকের সংগঠন, বৈদেশিক মুদ্রা তহবিল সৃজন এবং সুখী ও সমৃদ্ধ সমাজের উপযোগী অর্থব্যবস্থার ভিত্তি স্থাপনের নির্দেশনা ছিল। তার আগে বাহাত্তরের মার্চে সব দেশীয় ব্যাংককে রাষ্ট্রীয়করণ করা হয়। ওই সময়ে ডলারের বিপরীতে বিনিময়হার ছিল সাড়ে ৭ টাকা।
সংবিধানের অধীনে গঠিত আইন সভায় ১৯৭৩-৭৪ অর্থবছরের প্রথম বাজেট বক্তৃতায় অল্প কথায় জাতীয় উন্নয়ন দর্শন তুলে ধরেন তাজউদ্দীন আহমদ। তিনি বলেন, দেশের উন্নয়ন সাধনের জন্য নিজেদেরই তার মূল্য জোগাতে হবে এবং ব্যয়ও বহন করতে হবে। মূলত বৈদেশিক নির্ভরতাকে পাশ কাটানোর সুস্পষ্ট ঘোষণা ছিল এটি।
ওই বছরের ৯৯৫ কোটি টাকার বাজেটে উদ্বৃত্ত ছিল ৭৯ কোটি ২ লাখ টাকা। উন্নয়ন ও পুনর্র্নিমাণ বাজেটে ৫২৫ কোটি ৩৫ লাখ টাকার বরাদ্দে অগ্রাধিকার দেওয়া হয়েছিল স্বল্পমেয়াদি সমস্যা সমাধানে। এর মধ্যে পুনর্র্নিমাণে বরাদ্দ ছিল ৭৫ কোটি ৩৮ লাখ টাকা। সমাজতন্ত্রের দিকে যাত্রার পথ প্রস্তুত করতে এ সময়ই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় উন্নয়ন ও পুনর্র্নিমাণ পরিকল্পনা করা হয়। এডিপিতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, শিল্প, বাণিজ্য ও পরিবহনে সরকারি খাতের দতা অর্জন, আত্মনির্ভরশীলতার পথে পদপে, অধিকতর কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।
১৯৭৪-৭৫ অর্থবছরে কোনো পণ্যের ওপর আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব ছিল না। তবে বাঙালি মালিকানাধীন প্রতিষ্ঠিত অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানের আয়কে পাঁচ বছরের জন্য আয়কর অব্যাহতি দেওয়া হয়। মূলত দেশি উদ্যোক্তাদের বিনিয়োগে আকর্ষণই ছিল এর মূল উদ্দেশ্য। এ বাজেটে যোগাযোগ-পরিবহন খাতে অগ্রাধিকার দিয়ে ৫২৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ধরা হয়। তাতে কৃষি ও পল্লিকে অগ্রাধিকার দিয়ে ৪০ হাজার শক্তিচালিত সেচপাম্প স্থাপন, ৪ হাজার ১৪২টি গভীর ও ৫ হাজার ৬৫২টি অগভীর নলকূপ স্থাপন, ১ লাখ ৪৫ হাজার মন উচ্চফলনশীল ধান বীজ ও ৫ লাখ টন সার সরবরাহে গুরুত্ব দেওয়া হয়। এ বছর ঋণ ও সঞ্চয়ের সুদের হারে যুক্তিসঙ্গত হারে পুনর্বিন্যাসের জন্য ব্যাংক সুদ হার বা ব্যাংক রেট বার্ষিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত হয়।
উন্নয়নের জন্য মানসিকতার পরিবর্তনকে গুরুত্ব দেন তাজউদ্দীন আহমদ। তিনি বলেন, সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সততা, নিয়মানুবর্তিতা, বাস্তবায়নানুগ উন্নয়ন নীতি প্রণয়ন ও কঠোর শ্রমের আজ বড় প্রয়োজন। স্লোগান দিয়ে দুর্নীতি দূর হয় না। বুলি আওড়িয়ে প্রবৃদ্ধি আনা যায় না। জনসাধারণকে সর্বকালের জন্য ধোঁকা দেওয়া চলে না।
জাতির প্রথম বাজেট রেডিও-টেলিভিশনে উপস্থাপনকালে তাজউদ্দীন আহমদ বলেছিলেনÑ নির্বাচিত গণপ্রতিনিধিদের সামনে উপস্থাপিত করতে পারলে আমি খুশি হতাম। তবে আমি আশা করি, এর পর আর কোনো দিন এভাবে বাজেট উপস্থাপন করা হবে না। ‘৭৫-এ নৃশংস হত্যাকা-ের পরের বাজেটগুলোর সময়ই তার ওই আশায় বালি পড়ে।























































