শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অবশেষে এলাকাবাসীকে কাঁদিয়ে নিথর ‘বঙ্গ বাহাদুর’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৬

c7612f1cfd391be81230e87b777ac446-001

পূর্বাশা ডেস্ক:

বানের জলে ভেসে আসা হাতি ‘বঙ্গ বাহাদুর’কে নিয়ে আর কাউকে ভাবতে হবে না। জামালপুরের সরিষাবাড়ীতে আজ মঙ্গলবার মারা গেছে হাতিটি। সকাল সাড়ে ছয়টার দিকে হাতিটি নিথর হয়ে যায়। গতকাল সোমবার থেকেই এটি অসুস্থ ছিল।

‘বঙ্গ বাহাদুর’–এর মৃত্যুতে এলাকাবাসীর অনেকে কান্নায় ভেঙে পড়ে।

ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক হাতিটি মারা যাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান জানান, গতকাল তাপমাত্রা বেশি থাকায় ‘বঙ্গ বাহাদুর’ অসুস্থ হয়ে কাদাপানিতে পড়ে যায়। সন্ধ্যা পর্যন্ত হাতিটির শরীরে ইনজেকশনের মাধ্যমে ১২টি স্যালাইন দেওয়া হয়। হাতিটিকে সুস্থ করে তুলতে সব ধরনের চিকিৎসা ও সেবা দেওয়া হয়েছিল।

কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মুকুল মিয়া বলেন, ‘এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সেবা দিয়েও “বঙ্গ বাহাদুর”কে বাঁচাতে পারলাম না। আমাদের কাঁদিয়ে সে অজানার পথে পাড়ি দিয়েছে।’

হাতিটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে নিয়ে যাওয়ার কথা ছিল। তাকে উদ্ধারের জন্য চট্টগ্রামের কাপ্তাই থেকে দুটি বড় হাতি আনার কথা ছিল। আজ সকালেই হাতিগুলোর সরিষাবাড়ী পৌঁছানোর কথা। তার আগেই চলে গেল বঙ্গ বাহাদুর।

গতকাল পায়ে শিকল পরাতে গেলে ‘বঙ্গ বাহাদুর’–এর লাথিতে গাজীপুরের সাফারি পার্কের হাতির রক্ষণাবেক্ষণে নিয়োজিত এক কর্মী গুরুতর আহত হন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত বৃহস্পতিবার হাতিটিকে প্রথমবার চেতনানাশক ওষুধ দেওয়া হয়। এরপর চার পায়ে শিকল ও রশি দিয়ে কয়ড়া গ্রামের একটি আমগাছে বেঁধে রাখা হয়। গত শনিবার শিকল ছিঁড়ে হাতিটি পালানোর চেষ্টা করে। গত রোববার দ্বিতীয় দফায় চেতনানাশক দিয়ে চার পায়ে শিকল পরানো হয়। কয়ড়া গ্রামের খোলা মাঠে কাদাপানিতে বেঁধে রাখা হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হাতিটি অসুস্থ হয়ে শিকল পরা অবস্থায় কাদাপানিতে হঠাৎ পড়ে যায়।

হাতিটি গত ২৮ জুন ভারতের আসাম রাজ্য থেকে বানের পানিতে ভেসে এ দেশে আসে। পরে ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দুর্গম ছিন্নারচরে ১১ দিন অবস্থান করে। ২৭ জুলাই হাতিটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আসে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি