পূর্বাশা ডেস্ক:
দেশের কয়েকটি ছোট দলের নেতারা জোট গঠন করার উদ্যোগ দিয়েছেন। জোট গঠন করে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তারা জোট গঠন করে ডিসেম্বরে ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে। কিন্তু জোট গঠন করার আগেই শুরু হয়েছে বিতর্ক। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের প্রখ্যাত আইনজীবী ড. কামালের জোটকে সমর্থন দিয়েছেন। কাদেরকে নিয়ে দলটির অভ্যন্তরে চলছে বাকযুদ্ধ।
দলটির তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও অন্য একটি রাজনৈতিক জোটে কীভাবে ভিড়লেন তিনি। এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। পরিস্থিতি সামাল দিতে বিষয়টিকে তার ব্যক্তিগত ও বিভ্রান্তির সুযোগ নেই বলে প্রচার করছে জাতীয় পার্টি।
আর জিএম কাদের বলছেন, এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, নাগরিক উদ্যোগ মাত্র। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় পার্টির সঙ্গে ড. কামালের কোনো ঐক্য হতে পারে না।
এদিকে হঠাৎ আগাম নির্বাচনের আওয়াজকে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের বিপক্ষে নয়। বিএনপি অতিদ্রুত সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন চায়। যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র অতীতেও হয়েছে এখনো অব্যাহত আছে। আর হচ্ছে আওয়ামী লীগ সেই দল যারা নিজেদের অপকর্ম ঢাকতে একের পর এক ইস্যু সৃষ্টি করে জনগণের দৃষ্টি বিভ্রান্ত করে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আপাতত জাতীয় পার্টি কারও সঙ্গেই ঐক্য করবে না। আগামীতে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতেও নির্দেশ দেন তিনি। রোববার বনানীর জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় রজনীগন্ধায় অনুষ্ঠিত দলটির প্রেসিডিয়াম সভায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ভবিষ্যতে যদি কারও সঙ্গে ঐক্য করতেই হয়, তাহলে দলীয় ফোরামে আলাপ-আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে ভবিষ্যতে ঐক্যের সম্ভাবনা নেই। জাতীয় পার্টি এককভাবেই নির্বাচনে অংশ নেবে।
সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির নেতাদের ভারত সফর নিয়ে গণমাধ্যমে আসা খবরের ব্যাখ্যায় এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আসলে কাউন্সিলের পর থেকে দেশে-বিদেশে জাতীয় পার্টির গুরুত্ব বেড়ে গেছে। তারা (ভারত) চায় জাতীয় পার্টি একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে কাজ করুক। এই সফরগুলোতে আসলে শুভেচ্ছা ও আশ্বাস বিনিময় হয়েছে।’ ১৮ জুন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভারত সফরে গিয়েছিলেন। এরপর ১ আগস্ট দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু জাতীয় পার্টির ৭ জন সংসদ সদস্যের একটি দল নিয়ে ভারতে যান। ওই দলে ছিলেন ফখরুল ইমাম, আলতাফ আলী, পীর ফজলুর রহমান, নুরুল ইসলাম, আমির হোসেন ভুঁইয়া এবং মোহাম্মদ নোমান।
এর পাশাপাশি জিএম কাদের কী জাতীয় পার্টি ছাড়ছেন? জাতীয় পার্টি কী ড. কামালের নেতৃত্বে নতুন জোটে যোগ দিচ্ছে এমন প্রশ্ন উঠতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে জাতীয় পার্টির অবস্থান নিয়ে সংকট তৈরি হয়। টানাপোড়েনে পড়ে দলটি। উদ্ভূত পরিস্থিতিতে মুখ খুলতে হয় জাতীয় পার্টিকে। দলটির পক্ষ থেকে মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জিএম কাদের ‘ব্যক্তিগতভাবে’ গিয়েছিলেন ড. কামাল হোসেনের কর্মসূচিতে। আমাদের দলের নেতারা বিভিন্ন সময়ে বিভিন্ন টেলিভিশন টক-শো, সেমিনারে যান। তার যাওয়াও সে রকমই ছিল। কারো সঙ্গে ঐক্য করার কোনো পরিকল্পনা আপাতত জাতীয় পার্টির নেই।
হাওলাদার আরো বলেন, আমরা এখন তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার দিকে মনোযোগ দেব। প্রেসিডিয়াম সভায় অনুপস্থিতির কারণ সম্পর্কে বলা হয় জি এম কাদেরের অসুস্থ, হাসপাতালে ভর্তি রয়েছেন। জি এম কাদের দাবি করেন, এই ঐক্য প্রক্রিয়া অরাজনৈতিক। এর মূলে রাজনৈতিক দলগুলোর ঐক্য কামনা থাকলেও আদতে এটি নাগরিকদের কমিটি।
এদিকে রাজনীতিতে তৃতীয় জোট গঠনের প্রস্তুতি শুরু করেছেন জেএসডি। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবকে সামনে রেখে এ প্রক্রিয়া চলছে। মূলত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে তৃতীয় এ জোট গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রাথমিক পর্যায়ে তারা জঙ্গিবিরোধী সচেতনতা সৃষ্টিসহ জাতীয় ইস্যুতে যুগপৎভাবে মাঠে থাকবেন নেতারা। এরপর বড় কোনো ইস্যু সামনে রেখে তৃতীয় জোটের আত্মপ্রকাশ ঘটবে- এমন পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন সংশ্লিষ্টরা।























































