শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নারায়ণগঞ্জে পুলিশের অভিযান, তামিম চৌধুরীসহ ৩ জঙ্গি নিহত


নারায়ণগঞ্জে পুলিশের অভিযান, তামিম চৌধুরীসহ ৩ জঙ্গি নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৬

015bf5047f876933b7b40ecda7f4280f-57c110690b343-1-550x388

পূর্বাশা ডেস্ক:

নারায়ণগঞ্জ শহরের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকার একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে গুলশান ও শোলাকিয়া হামলার ‘মাষ্টারমাইন্ড’ তামিম চৌধুরীসহ ৩ জঙ্গি নিহত হয়েছে।

শনিবার সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টার এ অভিযান পরিচালনা করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযানের সময় গ্রেনেড বিস্ফোরণ ও গোলাগুরির শব্দ পাওয়া যায়।

জঙ্গিবিরোধী অভিযানে জঙ্গিনেতা তামিম আহমেদ চৌধুরীসহ ৩ জনের নিহতের খবর নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামান।

অভিযান শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফারুক হোসেন জানান, অভিযান শেষ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি একেএম শহীদুল হক আসার পর এ বিষয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, অভিযানে নিহত তামিম চৌধুরীকে ধরতে পুলিশ ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলো।

এর আগে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে সকাল থেকে একটি বাড়ি ঘিরে রাখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট।

স্থানীয়রা  জানান , সকালে উঠে তারা দেখে, বেশ কয়েকটি গাড়িতে করে আসা সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় একটি ভবন ঘিরে তৎপরতা চালাচ্ছেন। ভবনের দিকে যাওয়ার সড়কে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাবের অতিরিক্ত সদস্যদের মোতায়েন করে। এর আগে পুলিশের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ‘গুলশানের ঘটনার আটকৃতের তথ্যের ভিত্তিতে এখানে অভিযান চলছে।’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির জানান, ‘ভেতরে কী চলছে বা কারা আছে আমরা এখনও কিছু জানি না।’

অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঐ ভবনের ৩য় তলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। পুলিশ ধারণা করছে জঙ্গিরা তাদের ডকুমেন্ট পুড়িয়ে ফেলার চেষ্টা করছে। ঘটনাস্থলের ১০০ গজ পর্যন্ত পুলিশ ঘিরে রেখেছে।

পুলিশের অতিরিক্ত কমিশনার সানোয়ার জানান, সকাল ৯টা ৩৫ এর দিকে মূল অভিযান শুরু হয়। কল্যানপুরের জঙ্গিদের সহযোগী ছিলো তারা। এমন তথ্য রয়েছে পুলিশের কাছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি