পূর্বাশা ডেস্ক:
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে হলি আর্টিজানে হামলার মূলপরিকল্পনাকারী তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমসহ আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানায় অভিযানের খবর গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে।
মার্কিন বার্তা সংস্থা এপি, ফক্স নিউজ, সিএনএন, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, নিউইয়র্ক পোস্ট, রেডিও ফ্রি ইউরোপ, ব্রিটেনের বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, কাতারের আল জাজিরা, ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি, কানাডার ডিজিটাল জার্নাল, জাপানের জাপান টাইমস, চীনের সিনহুয়া নিউজ, সাউথ চায়না মনিং পোস্ট, সিঙ্গাপুরের দ্য স্ট্রেইট টাইমস, ক্রোয়েশিয়ার অ্যাবাউট ক্রোয়েশিয়া নারায়ণগঞ্জের আস্তানায় অভিযানের খবর প্রকাশ করে।
এছাড়া প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তানের প্রধান প্রধান গণমাধ্যমে নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানা অভিযানের খবর ঢালাও করে প্রকাশ করেছে। ভারতের প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইকোনিমিক টাইমস, ইন্ডিয়া টুডেসহ এএনআই নিউজ, রিড্ডিফ নিউজ, মুম্বাই মিরর, ডেকান হেরাল্ড, লাইভ মিন্ট ডটকম নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় হামলার খবর প্রকাশ করেছে।
পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন ও এক্সপ্রেস ট্রিবিউনেও নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় হামলার খবর গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে ওই বাসাটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে। এ সময় বাসায় অবস্থারত জঙ্গিরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোঁড়ে। এক পর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড হামলা করে। প্রায় আধা ঘণ্টা ধরে গোলাগুলির পর সেখানে মৃত অবস্থায় চারজনকে দেখতে পায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই বাসা থেকে জঙ্গিদের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
জেএমবি নেতা তামিম আহমেদ চৌধুরীর সঙ্গে আরেক নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর যোগাযোগ ছিল। কানাডার প্রবাসী তামিম আহমেদ চৌধুরী দুই বছর আগে দেশে ফিরে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তার সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকের সরাসরি যোগাযোগ হয়। মূলত, তামিম ও জিয়া গুলশান- শোলাকিয়ায় হামলার মূলপরিকল্পনাকারী।
রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলার পর থেকে পুলিশ তাদেরকে খোঁজ করছিল। তাদেরকে ধরিয়ে দেয়ার জন্য পুলিশ পৃথকভাবে ২০ লাখ টাকা করে পুরস্কারও ঘোষণা করে। তামিমের বাড়ি সিলেটের বিয়ানি বাজার। নারায়ণগঞ্জের পাইক পাড়ার অভিযানে তামিমসহ তিন জন নিহত হলেও সেখানে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক নেই বলে জানিয়েছে পুলিশ।























































