ডেস্ক রিপোর্ট : জাতীয় নির্বাচন ঘিরে চলছে জল্পনা-কল্পনা। রাজনৈতিক দলগুলোর ভেতরে ভেতরে চলছে নানা বিশ্লেষণ। হিসাব-নিকেশ মিলাচ্ছে জোটের বাইরে থাকা দলগুলোও। তারাও চাচ্ছে আওয়ামী লীগ-বিএনপির বাইরে একটা বড় জোট গঠন করতে। সব কিছুই থমকে আছে নির্বাচন কবে হবে সেটার ওপর।
আওয়ামী লীগের ভেতরেও চলছে নানা হিসাব। দলকে নিার্বচনমুখি হবার কথা বলেছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যেই এখন তারা এগুচ্ছে। আওয়ামী লীগের ভেতরে আগাম নির্বাচনের কথাও শোনা যাচ্ছে। আবার মেয়াদ শেষে ২০১৯ সালে নির্বাচনের কথাও শোনা যাচ্ছে। সবমিলিয়ে আওয়ামী লীগ অবস্থা বুঝে ব্যবস্থা নেয়ার নীতি গ্রহণ করছে। দেশে যদি আগাম নির্বাচন দেয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তারা আগাম নির্বাচন দিতে পারে। সবকিছু নির্ভর করে রাজনৈতিক পরিস্থিতির ওপর।
আওয়ামী লীগ এমপিদের এলাকামুখী হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনী এলাকাভিত্তিক প্রার্থীদের কর্মকান্ডের ওপর জরিপের কাজ শুরু করেছে তারা। প্রধানমন্ত্রী নিজেও আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের নীতি-নির্ধারক পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। আওয়ামী লীগের নেতারা মনে করেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ ইস্যুতে বিরোধীদলগুলোর ব্যাপক বাধা-প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশজুড়ে সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি হওয়ায় কাক্সিক্ষত সফলতা পেয়েছে সরকার।
জঙ্গিবাদী অপতৎপরতা দমন, যুদ্ধাপরাধীদের বিচার ও সরকারের উন্নয়ন কর্মকা-ের জন্য বিগত সময়ের চেয়ে জনমত এখন আবার সরকারের দিকে। এ জন্য নির্দিষ্ট মেয়াদের আগেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ। একটি সূত্র জানায়, আওয়ামী লীগ ও সরকারের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী থাকতে থাকতেই নির্বাচন করে নেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাই নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগের ভেতরে আছে, সেটা নির্দিষ্ট মেয়াদেও হতে পারে, আবার আগামও হতে পারে। সভা-সমাবেশে ও বক্তৃতায় আওয়ামী লীগ নেতারা আগাম নির্বাচনের বিষয়টি উড়িয়ে দিলেও আসলে তা নির্ভর করছে পরিবেশ-পরিস্থিতির ওপর। ক্ষমতাসীন দলটির শীর্ষ নেতারা বলছেন, হঠাৎ করে চেপে বসা উগ্রপন্থীদের হামলা-নাশকতা রোধে সরকারের মিশন অনেকাংশেই সফল। কারণ, জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন ভূমিকা রাখছে, তেমনি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এমনকি সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোও এগিয়ে এসেছে। তাছাড়া প্রায় দুই মাস আগে সংঘটিত ওই হামলার পর জঙ্গিদের নতুন তৎপরতা না থাকার বিষয়টাও জনমনে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে।
জঙ্গিবিরোধী আন্দোলনে রাজনৈতিক দলের বিপরীতে বিভিন্ন শ্রেণি-পেশাজীবীদের ঐক্যবদ্ধ হওয়াকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন সরকারদলীয় নেতারা। তাদের ভাষ্য, গুলশান ও শোলাকিয়াসহ গুপ্ত হামলার ঘটনাগুলো বিব্রতকর হলেও তা থেকে উৎরে উঠেছে দেশ। সেই সঙ্গে বিএনপির ঐক্য প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। জাতীয় ঐক্যের ডাক দিয়ে বাম ঘরানাসহ বেশ কয়েকটি ছোট দলকে কাছে টানার পাপাশাশি আওয়ামী লীগকেও বাগে আনার প্রয়াস চালিয়েছিল তারা।
এদিকে, সরকার ঘনিষ্ঠ বিরোধীদল জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদও আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের আগেই হতে পারে, এমন সম্ভাবনায় দলের সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনে বিএনপির মাঠ দখলের আগেই আগাম নির্বাচন দিলে সরকার তার অবস্থান অটুট রাখতে পারবে বলে মনে করছে।
নির্বাচনের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, বিএনপির সংগঠিত হওয়ার আগেই আগাম নির্বাচন দেয়ার পথে এগুচ্ছে সরকার। এরশাদ বলেন, আগাম নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি সরকার সে পথেই এগুচ্ছে। সরকার মনে করছে আগাম নির্বাচন দিলে তাদের সুবিধা হবে।
প্রধান বিরোধীদল বিএনপি যাতে সংগঠিত হতে না পারে মূলত এ কারণেই আগাম নির্বাচন দিতে পারে সরকার। সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, আগাম নির্বাচন দেয়া একটি রাজনৈতিক স্ট্র্যাটেজি। বিরোধীদের বেকায়দায় ফেলতে ইংল্যান্ডে মার্গারেট থ্যাচারও আগাম নির্বাচন দিয়েছিলেন। আমি বিশ্বাস থেকেই বলছি আগাম নির্বাচন দিতে পারে আওয়ামী লীগ। এদিকে, আওয়ামী লীগের সূত্র জানায়, প্রতিটি নির্বাচনের আগে আওয়ামী লীগের একাধিক নিজস্ব দলীয় টিম নির্বাচনী এলাকাগুলোতে একাধিকবার জরিপের কাজ পরিচালনা করে। এজন্য আওয়ামী লীগের একটি দলীয় গবেষণা সেলও রয়েছে। দলীয় নিজস্ব মূল্যায়ন টিম নির্বাচনী এলাকা ভিত্তিক ভোটারদের অবস্থান, মানসিকতা, দলের প্রতি সমর্থনের হার, বিরোধীদলের প্রতি সমর্থনের ভিত্তি ও প্রার্থীদের জনপ্রিয়তার মাত্রা বিশ্লেষণ করে দলীয় হাইকমান্ডের কাছে তুলে ধরে।
কেবল নিজ দলের প্রার্থীদেরই নয়, প্রতিপক্ষের প্রার্থীর অবস্থানের জরিপও এতে তুলে আনা হয়। এছাড়াও প্রতিটি নির্বাচনী এলাকায় দলের সম্ভাব্য একাধিক প্রার্থীর বিষয়টিও বিশ্লেষণ করা হয়। সূত্রমতে, আওয়ামী লীগের নিয়ন্ত্রিত তিনটি টিম নির্বাচনী এলাকাভিত্তিক জনমত জরিপ ও প্রার্থী বাছাইয়ের কাজ করে। সবগুলো জরিপের কাজের প্রতিবেদন কেবল দলীয় হাইকমান্ডের কাছেই পেশ করা হয়।
এদিকে নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের একজন নেতা জানান, নির্বাচন যেকোনো সময়ে হতে পারে। আওয়ামী লীগ নির্বাচনমুখী রাজনৈতিক দল। যেকোনো সময়ে নির্বাচন হলে যাতে আমরা অংশ নিতে পারি সেজন্য সবসময়ই আমরা দলীয় প্রস্তুতিটা নিয়ে রাখি। তবে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, সবসময়েই আগাম নির্বাচন হয় বিরোধীদলের চাপে, তাদের চাহিদা অনুসারে। এখানে তো সরকারের ওপর তেমন চাপ নেই, মানে বিরোধীদলের নির্বাচনী প্রস্তুতি রয়েছে বলেই তো মনে হয় না।
এ বিষয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম গণমাধ্যমকে বলেন, এটা আমাদের রুটিন ওয়ার্ক। সারাবছরই আমাদের নির্বাচন সংক্রান্ত কাজ চলে। একটি রাজনৈতিক দলের এগুলো করা উচিত। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত বৃহস্পতিবার মানিকগঞ্জে কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, খালেদা জিয়া আপনি জঙ্গিবাদের পক্ষ নিয়ে ভুল করেছেন। বিভ্রান্ত তরুণ যুবকের পক্ষে কথা না বলে, দল গোছান। নির্বাচনের জন্য প্রস্তুত হন। বাংলাদেশে ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন চক্রান্ত করে লাভ হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ আছে। সে নির্বাচনেও আপনাদের আবারও পরাজিত করবো।
এদিকে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে দল পুনর্গঠনের কাজ প্রায় শেষ করে ফেলেছে বিএনপি। কেন্দ্রীয় কমিটির পর দলটি এখন তৃণমূল পর্যায়ে অর্থাৎ জেলা-উপজেলা পর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। তৃণমূল পর্যায়ের পুনর্গঠনের অংশ হিসেবে গত সপ্তাহে ঢাকা জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। জানা গেছে, জেলা কমিটি পুনর্গঠনের সঙ্গে সঙ্গে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর কাজ চলছে। খুব শিগগিরই এসব কমিটি পুনর্গঠনের কাজ শেষ হয়ে যাবে। তৃণমূল পর্যায়ের পুনর্গঠনের দায়িত্ব দেয়া হয়েছে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে। ঢাকা মহানগর গঠনের দায়িত্ব দেয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আব্দুল আউয়াল মিন্টুকে।
বিএনপির নীতি নির্ধারকদের মতে, তাদের ভাবনা এখন শুধু নির্বাচন। সব দলের অংশগ্রহণে কিভাবে একটি অবাধ, সুষ্ঠু নতুন জাতীয় নির্বাচনের দাবি আদায় হবে তা নিয়েই দলটির যত চিন্তা। নতুন নির্বাচন আদায়ের ওপর জোর দিয়েই বিএনপি তাদের ভবিষ্যত রাজনীতির কর্মপরিকল্পনা সাজাচ্ছে। যদিও নানা প্রতিবন্ধকতার কারণে নতুন নির্বাচন আদায়ের দাবিতে এখনো রাজপথে সক্রিয় আন্দোলনে ফিরতে পারছে না বিএনপি। নেতারা জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আর সেই নির্বাচন আদায়ে কিভাবে সক্রিয় আন্দোলনে ফেরা যায় তার উপায় খোঁজা হচ্ছে। খুব শিগগিরই নতুন উদ্যমে আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠের রাজনীতিতে ফিরবে বিএনপি।
জানা গেছে, পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যতদ্রুত সম্ভব দলের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডাকবেন। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নতুন নির্বাচন আদায়ের দাবিতে আন্দোলনের রূপরেখা ও কর্মসূচি চূড়ান্ত করবেন। এরপর জোটের শরিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। চলতি মাসেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের ভিসা নিয়েছেন তিনি। আগামী ৫-৬ অক্টোবর হজ পালনে তার সৌদি সফরের কথা রয়েছে।























































