রকিবুল হাসান রকি, সদর দক্ষিন:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে সফি উল্লাহ (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রফিক ও ওয়াদুদ নামের দু’জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার বারাপাড়া ইউনিয়নের লালমাই বাজারের শিবপুর রাস্তার মাথায় হামলার শিকার হন সফি উল্লাহ। পরে বৃহস্পতিবার ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আটক হওয়া রফিক (৩৫) উপজেলার বারাপাড়া ইউনিয়নের বাসিন্দা ও ওয়াদুদ (৩০) বরুড়া উপজেলার বাসিন্দা।
নিহত সফি উল্লাহ একই ইউনিয়নের রতনপুর গ্রামের হারুনুর রশীদের ছেলে। তিনি বারাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিমের ভাতিজা।
সফিউল্লাহ ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


















































