ডেস্ক রিপোর্ট : এসপি বাবুল আক্তারকে আপাতত গ্রেফতার করা হচ্ছেনা। তবে তিনি লএন ফোর্সিং এজেন্সীর একাধিক উইংয়ের নজরদারিতে আছেন। তারাই অবস্থা বুঝে ব্যাবস্থা নেবে বলে পুলিশের দায়িত্বশীল সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে। অন্যদিকে মিতু হত্যার তদন্ত সুষ্ঠুভাবে এগুচ্ছে বলে দাবি করেছে পুলিশ। বাবুল চাকরি ফিরে পেতে আইনের আশ্রয় নিতে পারেন বলে তার ঘনিষ্ট একটি সূত্র আভাস দিয়েছে।
বাবুলের গ্রেফতার প্রসঙ্গে পুলিশ সদর দফতরের দায়িত্বশীল সূত্রগুলো বলেছে, বাবুল আক্তারকে আপাতত গ্রেফতার করার কোনো সিদ্ধান্ত নেই। কারন মিতু হত্যার মামলায় এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে বাবুল জড়িত এমন তথ্য পাওয়া যায়নি। সুতরাং তাকে গ্রেফতার করার সম্ভাবনা নেই। তবে চাকরী চলে যাওয়ার পর বাবুল কোনো অপৎপরতায় লিপ্ত হচ্ছে কিনা। কোথায় যাচ্ছে কাদের সঙ্গে যোগাযোগ রাখছে সব বিষয়ই নজরদারির আওতায় রাখছে গোয়েন্দারা।
আইনের আশ্রয় নেওয়ার বিষয়টি উড়িয়ে দিয়ে বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন গতকাল মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, আমরা আপাতত আইনের কোনো আশ্রয় নিচ্ছিনা। বাবুল আক্তারের চাকুরি এখন নেই। সে বাসায়ই আছে। বাসায়ই থাকবে। বাবুল আক্তার আরো ৬ মাস বিশ্রাম নিয়ে পরবর্তী করনীয় নির্ধারন করবে বলে জানান বাবুলের শ্বশুর। মামলার খোঁজ-খবর না নেয়া সম্পর্কে তিনি বলেন, আমার মেয়ে খুন হয়েছে। আমি কেন তদিবর করতে যাবো। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক। তদন্তে হত্যাকারীচক্রের শাস্তি নিশ্চিত হোক এটাই আমি চাই।
মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান আমাদের অর্থনীতিকে বলেন, তদন্ত চলছে এবং তদন্ত সঠিক পথে এগোচ্ছে দাবি করে তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না বলে জানান।
পুলিশ সদর দফতরের ডিআইজি ক্রাইম হুমায়ুন কবীর বলেন, বাবুল আক্তারকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেই। তবে তিনি নজরদারির আওতায় আছেন। আইজিপি একেএম শহীদুল হকও মুঠোফোনে তদন্তে যেহেতু বাবুল আক্তারের সম্পৃক্ততা এখনো পাওয়া যায়নি- সেহেতু গ্রেফতারের প্রশ্ন কেন। তবে তদন্তের গতি প্রকৃতি অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে বলে তিনি জানান। উল্লেখ্য চট্ট্রগ্রামের ওআর নিজাম রোডে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে পেশাদার খুনী চক্র গত ৫ জুন গুলি ও ছুরিকাঘাতে হত্যা করে। পুলিশ এ পর্যন্ত হত্যায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম আন্ডারওয়ার্ল্ডের ৭ জন পেশাদার হত্যাকারীকে গ্রেফতার করে। এরমধ্যে দুজন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে মোতালেব মিয়া ওরফে ওয়াসিম ও আনোয়ার হোসেন নামে দুজন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে গত ২৬ জুন আদালতে জবানবন্দি দেয়। তাতে মূল পরিকল্পনাকারী হিসেবে কামরুল ইসলাম শিকদার ওরফে মুসার নাম বলেন বলে পুলিশ কর্মকর্তারা ইতোপূর্বে জানিয়েছিলেন। রাঙ্গুনিয়া উপজেলার ছাত্রলীগ নেতা রাশেদ হত্যাসহ প্রায় ছয় মামলার আসামি মুসা ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তারের সোর্স। মিতু হত্যাকান্ডে অস্ত্রের জোগানদাতা হিসেবে গ্রেপ্তার এহতেশামুল হক ভোলাও পুলিশ কর্মকর্তা বাবুলের সোর্স হিসেবে পরিচিত। বাবুল আক্তার পদোন্নতি পেয়ে ৬ জুন পুলিশ সদরদফতরে সংযুক্ত হন। ২৩ জুন ডিএমপির ডিবি কার্যালয়ে নিয়ে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নানা গুঞ্জন ছড়ায়। তখন তার কাছথেকে জোর করে পদত্যাগপত্র নেওয়ার খবর ছড়ালেও সে বিষয়ে কেউই মুখ খুলছিলেন না। তার ২০ দিন পর গত ১৪ অগাস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, বাবুলের অব্যাহতির আবেদন তার কাছে রয়েছে। গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বাবুলকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারী করার মধ্য দিয়ে বাবুলের চাকুরি জীবনের পরিসমাপ্তি ঘটে। এত কিছুর পর বাবুল আক্তার মুখ খোলেননি। স্ত্রী হত্যা, তাকে জিজ্ঞাসাবাদ, পদত্যাগ পত্রে স্বাক্ষর, অব্যাহতি কোনো বিষয়েই মুখ খুলেননি। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড তোলপাড়কারী এই পুলিশ কর্মকর্তা।


























































