
স্টাফ রিপোর্টারঃ
৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষনের অভিযোগে চাঁদপুর ফরিদগঞ্জের গল্লাক বাজারের সিএনজি অটোরিক্সা স্টেশনের লাইনম্যান ও স্থানীয় আ’ লীগ নেতা বিল্লাল সওদাগরকে কুমিল্লার লাকসাম রাজঘাট থেকে আটক করেছে চাদঁপুর পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এদিকে গতকাল তাকে আটক ও বিচারের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। প্রশাসন শিক্ষার্থীদের আশ্বাস দেয়ার পর রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিবাসী মুনসুর আলী রাজমিস্ত্রী কাজ করার জন্য ২০০১ সাল থেকে নিজ এলাকা ছেড়ে ফরিদগঞ্জে গল্লাক বাজারে বাসা ভাড়া করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। তার একমাত্র শিশু কন্যা (৯) প্রতিদিনের মত ৭ সেপ্টেম্বর বুধবার শ্রীকালিয়া মুন্সি বাড়ি সংলগ্ন পাঞ্জেগানা মসজিদে আরবী পড়ার জন্য যায়। সকালে আরবী পড়া শেষ করে বাড়ি ফিরছিল। এ সময় গল্লাক বাজার ব্রিজের পাশে সিএনজি স্কুটার স্টেশনের লাইনম্যান ও গুপ্টি পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রীকালিয়া গ্রামের মৃত মিন্নত আলি সওদাগরের ছেলে বিল্লাল সওদাগর শিশুটিকে বিস্কুট ও চকলেট কিনে দেবার নাম করে সে তার চায়ের দোকানে নিয়ে শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। পরে স্থানীয়রা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। । পরে এ ব্যাপারে শিশুটির পিতা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে ধর্ষক বিল্লাল সওদাগর (৫০) পলাতক ছিল। এর প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ মিছিল করেছে। এদিকে ধর্ষকের ব্যক্তিগত দোকানটি তালাবদ্ধ করে দেয় পুলিশ। পরে শুক্রবার রাতে কুমিল্লার লাকসাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

























































