শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দির দশপাড়া ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০১৬

ইমতিয়াজ আহমেদ জিতু/জাকির হোসেন হাজারীঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারাপাড়া ইউনিয়নের দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের ঈদগাহ মাঠের নাম পরিবর্তন ও নামায পড়াকে কেন্দ্র করে দুগ্রামের মধ্যে সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১ টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়। আগামিকাল রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত থাকবে। ফলে এ ঈদগাহ মাঠে ঈদের নামায অনুষ্ঠিত হবে না।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বারাপাড়া ইউনিয়নের দশপাড়া গ্রামের খন্দকার কবির উদ্দিন আলীয়া মাদরাসার সামনে অবস্থিত দশপাড়া শাহী ঈদগাহ মাঠের নাম পরিবর্তনকে কেন্দ্র করে দশপাড়া ও জাইগির গ্রামবাসির মধ্যে সংঘর্ষ হওয়ার আশংকা দেখা দিলে দুপুরে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
জাইগির এলাকাবাসি আজ সকালে দশপাড়া শাহী ঈদগাহ মাঠের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলামিন ১৪৪ ধারা জারি করার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, দশপাড়া গ্রামটি বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের জন্মস্থান। খন্দকার মোশতাক তার বাবার নামে মাদরাসাটির নামকরণ করেছিলেন। মাদরাসার শাহী ঈদগাহ মাঠটির নামকরণও তিনি করেছিলেন। সেজন্যই ঈদগাহ মাঠের নাম পরিবর্তন করতে চেয়েছিল জাইগির গ্রামবাসি। এ ঈদগাহতে প্রায় ৭০ বছর ধরে মানুষ নামায পড়ে আসছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি