মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আগুয়েরোর হ্যাটট্রিকে ম্যান সিটির জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০১৬

04e341daffaded3736eeba44c377f751-aguero

ডেস্ক রিপোর্ট ঃ

লিওনেল মেসি বনাম সার্জিও আগুয়েরো। পেপ গার্দিওলা বনাম বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের পর থেকেই উচ্চারিত হয়ে আসছিল। বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি একই গ্রুপে পড়ায়। এ যে লড়াইয়ের ভেতরে অন্য লড়াই।

আগের রাতে মেসির হ্যাটট্রিকে সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সাকে পরদিন সিটিও জবাব দিয়ে রাখল বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ৪-০ গোলে হারিয়ে। মেসির হ্যাটট্রিকের জবাব দিলেন শৈশবের বন্ধু সার্জিও আগুয়েরো। সিটির অন্য গোলটি কেলেচি ইহিয়ানাচোর। ১৯ বছর বয়সী এই নাইজেরিয়ান মুগ্ধ করেই চলেছেন। কদিন আগে ম্যানচেস্টার ডার্বির নায়ক তো ছিলেন ইহিয়ানাচোই।
কালও বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে গোল করে গার্দিওলাকে দাবি জানিয়ে রাখলেন, প্রথম একাদশেই জায়গা দাও। তা সে আগুয়েরো থাকুক না কেন।
আগুয়েরোও তাঁর ইংলিশ ফুটবলের কালো দাগ ও চোটের হতাশায় মাখামাখি গত কয়েকটা দিন মুছে ফেলা এক রাত কাটালেন। ঘরোয়া ফুটবলে তিন ম্যাচ নিষিদ্ধ এই স্ট্রাইকারের জোড়া গোলেই ২-০তে এগিয়ে ছিল সিটি। ৮ ও ২৮ মিনিটের পর ৭৭ মিনিটে হ্যাটট্রিক করে ফেললেন এর আগে প্লে অফেও স্টুয়া বুখারেস্টের বিপক্ষে তিন গোল করা এই আর্জেন্টাইন। অথচ মঙ্গলবার ম্যাচটি হয়ে গেলে হয়তো খেলতেনই না। ঝড়-বৃষ্টির কারণেই ম্যাচটি এক দিন পিছিয়ে যায়। আগুয়েরোও এর মধ্যে পুরো ফিট হয়ে ঢুকে পড়েন একাদশে।
সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিষেকটাও দুর্দান্ত হলো গার্দিওলার। এই গ্রুপে সেল্টিক আর বার্সার বিপক্ষেও খেলতে হবে তাঁকে। গার্দিওলা বায়ার্নের কোচ হিসেবেও বার্সার মুখোমুখি হয়েছিলেন। পারেননি। ম্যান সিটিও ২০১৪ ও ২০১৫ সালে চার ম্যাচের একটিতেও সুবিধা করতে পারেননি। তবে এবার গার্দিওলা ও সিটির যুগলবন্দী যেভাবে জমে উঠেছে, তাতে বার্সার জন্য সিটি অবশ্যই বড় হুমকি।
আর আগুয়েরোও যেভাবে ফর্মে আছেন, বন্ধু মেসিকে এরই মধ্যে মেসেজ হয়তো পাঠিয়ে রেখেছেন, ‘সামলে, দোস্ত!’ এই মৌসুমে যে ৫ ম্যাচে ৯ গোল করে ফেলেছেন এরই মধ্যে!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি