মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসিই টোটাল ফুটবল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০১৬

0fd595c3f673780c64abe3c62f234ff2-17

ডেস্ক রিপোর্ট ঃ

পেপ গার্দিওলা একবার বলেছিলেন, ‌‘লিও মেসি যদি ডিফেন্ডারও হতো, সে হতো বিশ্বের সেরা ডিফেন্ডার।’ মেসি উইংয়ে খেলেন। মেসি মাঝমাঠে খেলেন। মেসি স্ট্রাইকারও। সঙ্গে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়ার ডিফেন্ডিং গুণ। টোটাল ফুটবল বুঝতে চান? মেসির দিকে দেখুন।

এমনটাই বললেন লুইস এনরিকেও। কাল ম্যাচ শেষে বার্সা কোচ বলেছেন, ‌‘মেসিই টোটাল ফুটবল।’
রাইনাস মিশেলস আর ইয়োহান ক্রুইফের হাত ধরে ফুটবলে এসেছিল এই দর্শন। যার মূল কথাই হলো, মাঠের আউটফিল্ড প্রত্যেক খেলোয়াড়ই নিতে পারবেন যেকোনো ভূমিকা। কাল মেসি একাই যেন এই ভূমিকা পালন করে গেলেন।
ম্যাচ শেষে এনরিকে বললেন, তিনি বুঝে-শুনেই মেসিকে মেসির মতো খেলার লাইসেন্স দিয়ে রেখেছেন, ‘ওর যে স্বাধীনতা আছে, এ কারণেই ও মাঠের সবখানে খেলতে পারে। ওকে আপনি দলের ছয় নম্বর, আট কিংবা দশ নম্বর হিসেবে খেলিয়ে দেখুন। সব পজিশনেই ও বিশ্বের সেরা। ওর এই স্বাধীনতা কেড়ে নেওয়া হবে বোকামি।’
মেসিকে সর্বকালের সেরাও বললেন এনরিকে, ‘এ কারণেই ও সর্বকালের সেরা খেলোয়াড়। এতে কোনো সন্দেহ নেই। ওর পরিসংখ্যান দেখুন, ওর ফুটবল দর্শন দেখুন। মেসিই টোটাল ফুটবল।’
শুধু তো মেসি নন, দল হিসেবেই বার্সা কাল ছিল অবিশ্বাস্য। শুধু টের স্টেগেনের সেই পেনাল্টি উপহার দেওয়া ভুলটা বাদে। স্টেগেন নিজে সেই ভুল শুধরেও নিয়েছেন সঙ্গে সঙ্গে দারুণ সেভ করে পেনাল্টি বাঁচিয়ে।
এনরিকেও শিষ্যদের শতভাগ নম্বর দিচ্ছেন, ‘শুরু থেকেই আমার ছিলাম চোখধাঁধানো। দল আর সমর্থকেরাও দারুণ উপভোগ করছিল। চ্যাম্পিয়নস লিগ এভাবে শুরু করতে পারাটা দারুণ। ম্যাচে আমাদের অবস্থান সব সময়ই ভালো ছিল। প্রতিপক্ষের পায়ে বল গেলেই আমরা সঙ্গে সঙ্গেই তা কেড়ে নিয়েছি। এটাই প্রত্যেককে সুযোগ করে দিয়েছিল খেলাটা উপভোগ করে খেলার।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি