ডেস্ক রিপোর্টঃ
চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডেও দুজনের লড়াইটা জমেছিল বেশ। তবে গতবার একতরফা লড়াই হয়েছিল বলে সেখানে লিওনেল মেসিকে বেশ পেছনে ফেলে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কাল মেসি হ্যাটট্রিক করে অন্য আরেকটি রেকর্ডে এবার রোনালদোকে পেছনে ফেললেন।
সেল্টিকের বিপক্ষে করা কালকের হ্যাটট্রিকটি মেসির এই টুর্নামেন্টে ষষ্ঠ হ্যাটট্রিক। রোনালদোর হ্যাটট্রিক আছে পাঁচটি। মারিও গোমেজ, ফিলিপ্পে ইনজাঘি ও লুইজ আদ্রিয়ানোর হ্যাটট্রিক তিনটি করে।
রোনালদো অবশ্য এখনো গোলের সংখ্যায় এগিয়ে। রোনালদোর গোল ৯৩টি, মেসির গোল ৮৬। তবে রোনালদোর চেয়ে মেসি অনেক কম ম্যাচ খেলেছেন। বাছাইপর্বের ম্যাচসহ রোনালদো খেলেছেন ১৩৩টি ম্যাচ। মেসি ১০৭টি। বাছাইপর্বের গোল উয়েফার মূল রেকর্ডে ধরা হয় না। হলে রোনালদোর মোট গোল অবশ্য হবে ৯৪টি।
কালকের ৭-০ গোলের জয় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান কাপে বার্সার সবচেয়ে বড় জয়। আর সাবেক ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন সেল্টিকের তো বটেই, কোনো স্কটিশ ক্লাবই এই প্রথম হজম করল সাত গোল। এর আগের দেখায় অবশ্য ন্যু ক্যাম্পেই ৬-১ গোলে হেরে গিয়েছিল সেল্টিক।

























































