স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার হোমনায় সোনিয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর স্বামী শরিফ আহমেদ পলাতক।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শোভারামপুর গ্রাম থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহত সোনিয়া জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেম্বার ওহিদ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, শরিফ অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। প্রেমের বিষয়টি জানাজানি হলে সোনিয়ার সঙ্গে শরিফের মনোমালিন্য শুরু হয়। এরই জের ধরে মঙ্গলবার রাতে সোনিয়ার সঙ্গে শরিফের ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, রাতে সোনিয়াকে শ্বাসরোধে হত্যা করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মেদ মিয়াজী জানান, পুলিশ সোনিয়ার মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


















































