রবিবার,৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরুড়ায় হত্যা চেষ্টা মামলার আসামি মিজান গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০১৬

090101_arrest_logo
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা বরুড়া উপজেলায় শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি মিজনুর রহমানকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অলক বড়–য়া সঙ্গী ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন।

জানা গেছে, গত সোমবার উপজেলার পয়ালগাছা ইউনিয়নের বিষ্ণুপুর-শোলাপুকুরিয়া গ্রামের আরবী শিক্ষক ওসমান গণি বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রসহ তার উপর হামলা করে। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সালাহ উদ্দীন মাহমুদ জানিয়েছেন, ওসমান গণির মাথায় ও উরুতে কোপের আঘাত ছিল। যার কারণে অধিক রক্তক্ষরণ হয়েছে। গলা, মুখ ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আহতের ছোট ভাই মুহাম্মদ সালাহ উদ্দিন (জসিম) বাদি হয়ে বরুড়া থানায় হত্যা চেষ্টা মামলা করেছে। মামলা নং ৩, ১৪/০৯/১৬। (মামলার ধারা ৪৪৭, ৩৪১, ৩২৩, ৩২৬, ৩২৪, ৩০৭, ৩৭৯, ৫০৬, ৪২৭ পেনাল কোড ১৮৬০)

এ মামলার প্রধান আসামি শোলাপুকুরিয়ার মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা হলেন- একই গ্রামের মোস্তফা কামাল (২৮), হাবিবুর রহমান (৫৫), মাজেদা বেগম (৩৫)।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি