স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বুধবার বিকালে ঢাকায় পৌছেছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। খেলোয়াড় ও কোচিং স্টাফসহ মোট ২৫ সদস্যের দল ঢাকায় এসেছে।
বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ভারতে অবস্থান করা আফগানিস্তান ক্রিকেট দলের ক্রিকেটাররা জেট এয়ারওয়েজের এক ফ্লাইটে চড়ে বুধবার স্থানীয় সময় ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে সরাসরি রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অবস্থানের জন্য চলে যায় আফগান ক্রিকেটাররা।
আগামীকাল বৃহস্পতিবার হোম ক্রিকেটে অনুশীলন করে ২৩ সেপ্টেম্বর সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নামবে আইসিসির সহযোগী দেশটি। বিসিবি একাদশ ও আফগানিস্তানের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে, ক্রিকেটারদের শতভাগ প্রস্তুতির জন্য এ সিরিজের আয়োজন করেছে বিসিবি। সফরে মাশরাফি বাহিনীর বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংরা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যথাক্রমে ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। তাছাড়া আসন্ন এ সিরিজের সবগুলো ম্যাচ কৃত্রিম আলোতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

























































