জাকির হোসেন হাজারি ঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস ও হিউম্যান হলার (লেগুনা) মুখোমুখি সংঘর্ষে হিউম্যান হলার চালক মাহে আলম (৩৫) নিহত হয়েছেন। এতে আরও পাঁচ হিউম্যান হলার যাত্রী আহত হন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাহে আলম উপজেলার ভাসোরা এলাকার সফর আলীর ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হিউম্যান হলার চালক মাহে আলম ঘটনাস্থলেই মারা যান। এসময় আরও পাঁচ হিউম্যান হলার যাত্রী আহত হন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


















































