শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বৈরী সম্পর্কের মাঝেই পাকিস্তানে ভারতীয় প্রতিনিধিদল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০১৬

12523211_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

পাক-ভারত চলমান বৈরী সম্পর্কের ঠিক এই সময় ভারতীয় একটি প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে। আসন্ন সার্ক সম্মেলনে অংশ নিতেই ভারতীয় দুর্নীতি দমন কমিশনের দলটি রবিবার পাকিস্তানে যায়। দুই দিনের এই বৈঠকটি সোমবার শুরু হবে। পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের মহাপরিচালক শ্রী প্রেমাংশু বিশ্বাস। দুর্নীতিবিরোধী প্রথম সার্ক সম্মেলন এটি।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো-এনএবির কর্মকর্তারা। এনএবির মুখপাত্র ডনকে জানান, সম্মেলনে যোগ দিতে ভারত ছাড়াও এরই মধ্যে শ্রীলংকা, নেপাল, ভুটান এবং মালদ্বীপের প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছেছেন। উড়ি হামলার পর ভারতীয় প্রতিনিধিদলের পাকিস্তান সফরকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এর আগে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, নভেম্বরে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিবেন না।

এছাড়া পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলার হুমকিও দিয়ে আসছিলেন ভারতীয় নীতি নির্ধারকরা। পাকিস্তানের এনএবি’র চেয়ারম্যান কামার জামান চৌধুরী জানিয়েছেন, এ সম্মেলনে সার্ক দুর্নীতিবিরোধী ফোরাম নামে একটি আঞ্চলিক সংস্থা গঠিত হবে। তিনি জানান, সম্মেলনে দক্ষিণ এশিয়ায় দুর্নীতির কারণ, দুর্নীতিবিরোধী লড়াই এবং দুর্নীতি সম্পর্কে জনসচেতনা বৃদ্ধির বিষয়ে গৃহীত পদক্ষেপের অভিজ্ঞতা বিনিময় হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি