
স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা মহানগরীর শাকতলা এলাকার একটি ভাড়াটে ফ্ল্যাট বাসা থেকে লিপি আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে সদর দক্ষিণ থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ জুলেখা নামে এক মহিলাকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাকতলা এলাকার ময়নাল হোসেনের বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে লিপির লাশ উদ্ধার করা হয়।
নিহত লিপি চান্দিনা উপজেলার বেলাশর গ্রামের এরশাদ মিয়ার মেয়ে । সে কুমিল্লা ইপিজেডের নাসা গার্মেন্টস এর কর্মী ছিল ।
স্থানীয়রা জানান, ওই বাড়িতে জেলার নাঙ্গলকোট উপজেলার পদুয়া গ্রামের আবদুল্লাহ ও তার স্ত্রী জুলেখার ভাড়া নেয়া ফ্ল্যাটের একটি কক্ষে ভাড়া থাকতেন গার্মেন্টস কর্মী লিপি আক্তার ।
বুধবার রাতে লিপি আক্তার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে প্রচারণা চালিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায় বাড়ির লোকজন। কয়েক ঘন্টা পর লিপির লাশ আবার বাড়িতে নিয়ে আসা হয় । খবর পেয়ে পুলিশ আজ সন্ধ্যার দিকে ওই বাসা থেকে লিপির লাশ উদ্ধার করে এবং জুলেখাকে আটক করে থানায় নিয়ে যায়।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, লিপি আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

















































