স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারিকে পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে গৌরিপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিনসহ তার সহযোগিরা। এ সময় ইউনিয়ন তথ্য সেবার কম্পিউটারও ভাংচুর করা হয়।
রোববার (২ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় গৌরিপুর ইউনিয়ন তথ্যকেন্দ্রে এ মারধরের ঘটনা ঘটে।
আহত জাকির হোসেন হাজারি (৪০) দৈনিক ভোরের কাগজ ও দৈনিক পূর্বাশার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পাইপের আঘাতে বাম হাতে গুরুতর আঘাত পেয়েছেন।
আহত জাকির হোসেন হাজারি জানান, আমি ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের লোকজনের সাথে কথা বলছিলাম। ওই সময় যুবলীগ নেতা মহিউদ্দিন ও তার সাথে থাকা আরো কয়েকজন নেতাকর্মী কক্ষে ঢুকেই আমারে এলোপাথারি পাইপ দিয়ে পিটিয়ে আহত করে এক পর্যায়ে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার সময় তথ্য সেবা কেন্দ্রের লোকজন বাধাঁ দিলে তথ্য সেবা কেন্দের একটি কম্পিউটারও তারা ভাংচুর করে স্থান ত্যাগ করে।
তথ্য সেবাকেন্দ্রের উদ্যোক্তা রুবেল মিয়া জানান, সাংবাদিক জাকির হোসেনের উপর এলোপাতারি হামলা চালিয়ে তারা মারধর করেছে। এ সময় আমাদের তথ্য সেবা কেন্দ্রের জিনিসপত্রও ভাংচুর করে।
এ বিষয়ে গৌরিপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহিদুল হক জানান, আমরা ঘটনাস্থলে আসার পূর্বেই তারা মারধর করে চলে গেছে। মহিউদ্দিন নামের একজনের নাম শুনেছি। তার রাজনৈতিক পরিচয় জানিনা। অন্যদের পরিচয় এখনো পাইনি।


















































