শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিবাহিত নারীদের ৮০ ভাগই নির্যাতনের শিকার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৬

female
ডেস্ক রিপোর্ট :

নারীর ক্ষমতায়ন নিয়ে বাংলাদেশ গর্ব করতেই পারে। কারণ প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীসহ সরকারি-বেসরকারি পর্যায়ে গুরুত্বপূর্ণ অনেক পদে নারীরা আজ দায়িত্ব পালন করছেন। আলোকিত এই দিকটির উল্টো পিঠও আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে ৮০ শতাংশ নারী বিবাহিত জীবনে নির্যাতনের শিকার। স্বামীর মাধ্যমে জীবনের কোনো না কোনো সময়ে তারা যৌন, শারীরিক, অর্থনৈতিক, মানসিক নির্যাতনে ভোগ করেছে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাঠ পর্যায়ে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে বিবিএস জানিয়েছে, বিবাহিত নারীদের প্রতি যৌন নির্যাতন কমে এলেও শারীরিক নির্যাতন বেড়েছে। সমাজে সম্মানহানি ও হেয় হওয়া থেকে রক্ষা পেতে তারা আইনের আশ্রয় নেওয়া থেকে বিরত থেকেছে। নির্যাতনের পর বেশির ভাগ নারীই মামলা করেনি। এতে করে শারীরিক নির্যাতন আরো বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বামীর মাধ্যমে যারা নির্যাতনের শিকার হয়েছে, তাদের বেশির ভাগই সহিংসতার বিষয়টি কাউকে জানায়নি। বেশিরভাগ ক্ষেত্রে নির্যাতনের বিষয়টি শুধু তাদের (স্ত্রীর) পরিবারের সদস্য ও পাড়া-প্রতিবেশীকে জানানো হয়েছে। দেখা গেছে, ২ শতাংশ নারী আনুষ্ঠানিকভাবে সমাজ ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেছিল। আর মাত্র ১ শতাংশ নারী নির্যাতনের বিষয়টি পুলিশকে জানিয়েছিল। পরিবারের সম্মান, ভয় ও হয়রানির ভয়ে বেশির ভাগ নারী অভিযোগ করেনি বলে জানিয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, ৩৫ শতাংশ অবিবাহিত নারী পরিবারের সদস্যদের বাইরে বিভিন্ন সহিংসতার শিকার হয়েছিল। ৫ শতাংশ অবিবাহিত নারী বলেছে, তারা পরিবারের বাইরে যৌন নির্যাতনের শিকার হয়েছিল।

বিবিএসের প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, অবিবাহিত নারীদের ওপরও নির্যাতন বেড়েছে। ঘরেবাইরে তারা সমানভাবেই নির্যাতনের শিকার হচ্ছেন। তবে কর্মক্ষেত্রে নারী হয়রানি তুলনামূলকভাবে কমেছে।

প্রতিবেদনে দেখা গেছে, রংপুর ও খুলনা বিভাগে শারীরিক ও যৌন নির্যাতন বেশি হচ্ছে। এই দুই অঞ্চলের ৩৪ শতাংশ নারী বলেছে, তারা যৌন নির্যাতনের শিকার হয়েছিল। আর ৬০ শতাংশ বলেছে শারীরিক নির্যাতনের কথা। সিলেট অঞ্চলে যৌন নির্যাতনের হার তুলনামূলক কম ২০ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘নারী নির্যাতন’ বিষয়ক প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে রোববার। রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী নির্যাতন কমছে না। এখন পর্যন্ত দেশে একটি দৃষ্টান্তও স্থাপিত হয়নি যে পুরুষরা স্ত্রীর ওপর নির্যাতন করার পর বড় ধরনের শাস্তি পেয়েছে। যত দিন অপরাধীদের শাস্তি না হবে, তত দিন নারী নির্যাতন চলতেই থাকবে বলে মনে করেন তাঁরা।

এর আগে ২০১১ সালে বিসিএস নারী নির্যাতন নিয়ে একটি জরিপ করেছিল। ‘ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন’ শিরোনামের ওই জরিপে বলা হয়েছিল, বিবাহিত নারীর ৮৭ শতাংশই নির্যাতনের শিকার। সে হিসাবে চার বছরের ব্যবধানে এ হার ৭ শতাংশ কমেছে।

নারী নির্যাতন নিয়ে মাঠ পর্যায়ে এই জরিপের সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন জাহিদুল হক সরদার। তিনি বলেন, মাঠপর্যায়ে তথ্য আনতে গিয়ে দেখেছি, সার্বিকভাবে নারী নির্যাতনের হার কিছুটা কমেছে। তবে শারীরিক নির্যাতন বেড়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি