পূর্বাশা ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ঘটনা। এক স্কুলছাত্রীর মা একদিন জানতে পারলেন, স্কুলের ৭ম গ্রেডের ছাত্রী তার মেয়ে সমাজ বিজ্ঞানের পাঠ্যসূচির আওতায় ইসলাম সম্পর্কে লেখাপড়া করছে। সেদিন থেকেই তিনি স্কুলের পাঠ্যসূচি থেকে ওই পাঠ্যবই নিষিদ্ধ করার দাবিতে রীতিমত ক্রুসেড (ধর্মযুদ্ধ) শুরু করে দিয়েছেন।
মিশেল এডমিস্টেন নামের ওই মা দাবি করেন, ইসলাম সম্পর্কে লেখাপড়ার কারণে তার মেয়ের নিজের ধর্মবিশ্বাস লংঘন করা হয়েছে। পরে মেয়েটি ইসলাম সম্পর্কিত বিষয়টি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় এবং ক্লাস না করার কারণে ওই বিষয়ে তাকে শূন্য নম্বর দেয়া হয়।
মিশেল এডমিস্টেন স্থানীয় কিংস্পোর্ট টাইমস নিউজ পত্রিকাকে বলেন, “আমরা ওই শূন্য নম্বর গর্বের সঙ্গে গ্রহণ করেছি। আমরা এ বিষয়ে আপস করবো না।”
গত সোমবার রাতে স্কুল বোর্ডের সঙ্গে এক সভায় এডমিস্টেন দাবি করেন যে, ওই পাঠ্যবই প্রত্যাহার করে নিতে হবে। তিনি বলেন, “এখন সময় এসেছে, বাবা-মা, শিক্ষক ও প্রশাসক হিসাবে আমাদের এগিয়ে আসার এবং আমাদের পরিবার, স্কুল ও দেশকে আগের অবস্থানে ফিরিয়ে নেয়ার।”
তিনি তার সন্তানের খ্রিষ্টীয় মূল্যবোধ সংরক্ষণের জন্য সমাজের প্রতিনি বাবা-মা, প্রতিটি খ্রিস্টান নাগরিক, প্রবীন ব্যক্তিবর্গ সবাইকে এগিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, এ বিষয়ে এডমিস্টেনই একমাত্র ব্যক্তি যিনি সোচ্চার হয়েছেন।
স্কুল বোর্ডের সদস্যরা পাঠ্যবই প্রত্যাহারের প্রক্রিয়া সম্পর্কে তাকে জানান। তারা বলেন, কোনও বই পাল্টাতে হলে সেটা রাজ্যের বর্তমান অবস্থানের নিরিখেই পাল্টাতে হবে। স্কুল বোর্ডের ওয়েবসাইটে যে মান নির্ধারণ করে দেয়ার কথা বলা হয়েছে সেই অনুযায়ী বর্তমানে টেনেসির স্কুলগুলোতে ৬ষ্ঠ গ্রেডে খিস্টীয়, ইহুদি, বৌদ্ধ এবং হিন্দু ধর্ম সম্পর্কে শিক্ষা দেয়া হয়। আর ৭ম গ্রেডে ইসলাম ধর্ম সম্পর্কে এবং খ্রিস্টীয় ও ইহুদি ধর্মের সঙ্গে ইসলামের যে ঐতিহাসিক যোগসূত্র রয়েছে সে বিষয়ে শিক্ষা দেয়া হয়।
এদিকে সমাজবিদ্যা বিষয়ক জাতীয় কাউন্সিল বলেছে, ধর্ম বিষয়ক শিক্ষা হলো আমাদের ‘পাঠ্যসূটির আবশ্যকীয় অংশ’। ধর্ম বিষয়ক জ্ঞান কেবলমাত্র একজন শিক্ষিত মানুষের চারিত্র্যবৈশিষ্ট্যই নয় বরং একটি বহুবিচিত্র দেশ ও বিশ্বের কার্যকর ও জনসংশ্লিষ্ট নাগরিকত্বের জন্য এটি অত্যাবশ্যক।

























































