৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২১ রানে হারের পর সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে রোববার দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে বাংলাদেশকে। সেদিক থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বাংলাদেশ দলের জন্য যেমন সমতার লড়াই তেমনি ইংল্যান্ডের জন্য তা সিরিজ নিশ্চিত করার ম্যাচ।
প্রথম ওয়ানডেতে শেষদিকে ব্যাটিং বিপর্যয়ের পর দলে কোন পরিবর্তন আসবে কিনা এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে বসে থাকা নাসির হোসাইনকে অনেকেই প্রথম একাদশে দেখতে চাইছেন।
তবে দ্বিতীয় ম্যাচে দলে কোন পরিবর্তন আসার সম্ভাবনা কম বলে মনে করেন ক্রিকইনফোর বাংলাদেশ সংবা“াতা মোহাম্মদ ইসাম। তিনি বলছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান মনে করেন, এই মুহূর্তে দলের পরিবর্তন হলে সেটি খারাপ হতে পারে।
তবে মোশারফ হোসেন রুবেল প্রথম ওয়ানডেতে হাতে ব্যথা পাওয়ায় সেখানে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সাত নম্বরে থাকা মোসাদ্দেক হোসেন শূণ্য রানে আউট হওয়ায় তার অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। যদি পরিবর্তন হয় তবে সেখানে নাসির হোসাইনের সম্ভাবনা থাকছে। এছাড়া প্রথম ওয়ানডেতে ইমরুল কায়েসের শতকের কারণে ওপেনার হিসেবে সেখানে সৌম্য সরকারের আসার সম্ভাবনা আর নেই বললেই চলে।
ইংল্যান্ড শিবিরেও ইনজুরির কারণে কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। খেলা শুরুর আগে ফিটনেস টেস্ট দিতে হবে জনি বেয়ারস্টো এবং লিয়াম প্লাংকেটকে। হালকা ইনজুরি রয়েছে জেসন রয়েরও। ইনজুরির পাশাপাশি ঢাকার গরমেও কাবু ইংলিশ দল। সোশ্যাল মিডিয়ায় বারবার গরমের কষ্ট নিয়ে পোস্ট দিচ্ছে তারা। কমিয়ে আনা হয়েছে প্রশিক্ষণের সময়।
মোহাম্মদ ইসাম মনে করেন, স্বাগতিক হিসেবে এই আবহাওয়া বাংলাদেশ দলকে একটি বিশেষ সুবিধা দেবে।

























































