শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি : খালেদা জিয়া


প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি : খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০১৬

khaleda20160823224108-550x404

পূর্বাশা ডেস্ক:

শারদীয় দূর্গাপুজা ও বিজয়া দশমী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমরা সংখ্যাগুরু ও সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না। বিএনপি এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবাই বাংলাদেশী-এটাই হোক আমাদের বড় পরিচয়। যেকোন ধরণের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে বলেও মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি শারদীয় দূর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

সোমবার শারদীয় দূর্গাপুজা ও বিজয়া দশমী উপলক্ষে দেয়া বাণীতে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, যুগ যুগ ধরে শারদীয় দূর্গাপুজা উপমহাদেশ এবং বাংলাদেশসহ অন্যান্য জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সুদীর্ঘকাল ধরে এই ধর্মীয় উৎসবটি সাড়ম্বরে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দূর্গাপুজা সবসময় উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

বিএনপি চেয়ারপারসন বলেন, যে কোন ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধ জাগরিত হয়। সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। মানুষ হিসেবে হিংসা-বিদ্বেষ ও রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া আমাদের সকলের কর্তব্য।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, দূর্গাপুজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে- হিংসা, লোভ ও ক্রোধরুপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে। নির্যাতন, নিপীড়ণ ও প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে, মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায় দু:শাসন তাদের বিরুদ্ধে সংগ্রাম করে মানবকল্যান প্রতিষ্ঠা এই উপাসনার মূল লক্ষ্য। সেই বাণীকে আত্মস্থ করেই দূর্গাপুজার উৎসবের  আনন্দকে সকলে মিলে ভাগ করে নিতে হবে।

শারদীয় দূর্গাপুজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, তাদের সুখ শান্তি ও কল্যান কামনা করেন খালেদা জিয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি