স্টাফ রিপোর্টার ঃ
২০ ডিসেম্বর কুমিল্লা সিটি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নভেম্বর মাসের মধ্যভাগে এই সিটির তফসিল ঘোষণা করা হবে। সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এবার সিটির নির্বাচনও দলীয়ভাবে হবে। দলীয়ভিত্তিতে প্রথমবার দুই সিটির নির্বাচন আয়োজনের লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন আচরণ ও নির্বাচন পরিচালনা বিধিমালা চূড়ান্ত করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সোমবার বিকাল পর্যন্ত বিধিমালা দু’টি এখনো ভেটিং হয়ে ইসিতে আসেনি। ভেটিং সম্পন্ন হলে তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু করবে ইসি সচিবালয়।
ডিসেম্বরে কুমিল্লা সিটি নির্বাচন আয়োজনে কমিশন সচিবালয় ইতোমধ্যেই প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। এবার সিটি করপোরেশন নির্বাচন দলীয়ভাবে করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সিটি নির্বাচন পরিচালনা বিধিমালায় স্বতন্ত্র প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩শ ভোটারের স্বাক্ষর তালিকার বিধান রাখা হয়েছে। আচরণবিধিতে মন্ত্রী ও এমপিদের প্রচারণার বাইরে রাখা হয়েছে। সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় এবং কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে হবে নির্দলীয় নির্বাচন।
বিগত ড. এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশনের অধীনে ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন হয়। কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম সভা হয় ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি। মেয়াদ শেষ হবে ৮ ফেব্রুয়ারি ২০১৭ সালে। গত ১৩ আগস্ট থেকে কুমিল্লা সিটি নির্বাচনের কাউন্ট-ডাউন শুরু হয়ে গেছে। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ ও ৮ ফেব্রুয়ারির মধ্যে কুমিল্লার ভোট শেষ করতে হবে।
কুমিল্লা সিটির ভোটার ও কেন্দ্র ঃ
এ সিটিতে সাধারণ ওয়ার্ড রয়েছে ২৭টি এবং সংরক্ষিত ওয়ার্ড রয়েছে ৯টি। আগের নির্বাচনের হিসেব অনুযায়ী সেখানে ভোটারের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন। পুরুষ ভোটার ৮৩ হাজার ১৯৯ জন এবং নারী ভোটার ৮৬ হাজার ৭৪ জন। এরপর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দেশের ইতিহাসে প্রথমবারের মত সবক’টি ভোটকেন্দ্রে সফলতার সাথে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়।


















































