মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সীমা ছাড়ানো উত্তাপ!


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

base_1476159329-253267

পূর্বাশা স্পোর্স ডেস্ক:

আবেগী সেলিব্রেশনের প্রতিক্রিয়ায় মাঠের মধ্যেই মেজাজ হারানো, ম্যাচ শেষে হাত মেলানোয় আপত্তি এতসব ঘটনা ভিন্ন উত্তাপ ছড়াচ্ছে সিরিজ নির্ধারণী ম্যাচটি ঘিরে। আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ ম্যাচে ফাইনালের সব রসদই যেন প্রস্তুত। এক কথায় যারা  জিতবে সিরিজ তাদের।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে জয়ের কিনারা থেকে হারতে হয়েছে বাংলাদেশকে। হাতের মুঠোয় থাকা ম্যাচ ১৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে বড় সুযোগ হেলায় হারিয়েছে মাশরাফি মর্তুজারা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সিরিজে ফেরার পথে বাধা হয়ে দাঁড়ান ইংলিশ অধিনায়ক জস বাটলার। খেলছিলেন ৫৭ রানে। বিপত্তি বাধল ২৮তম ওভারের প্রথম বলে। ইংলিশ অধিনায়কের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন তাসকিন আহমেদ। আবেদনে সাড়া দেননি ফিল্ড আম্পায়ার। রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন বাটলারকে। বাধভাঙা উচ্ছ্বাসে মাতে পুরো দল। এ আবেগী উচ্ছ্বাস মোটেও পছন্দ হয়নি সফরকারী অধিনায়কের। তেড়ে যান মাহমুদউল্লাহ রিয়াদের দিকে। আম্পায়ার মাঝখানে এসে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

ঘটনা এখানেই শেষ হতে পারত! কিন্তু হয়নি। ম্যাচ শেষেও থেকে যায় এর রেশ। তামিম ইকবাল হাত বাড়িয়ে দিলেও হাত মেলাননি ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। এর পর তামিম তার পিঠে হাত রাখে। এটা ভালোভাবে নেয়নি সফরকারীরা। বেন স্টোকস এসে ধাক্কা দেন তামিমকে। মেজাজ হারিয়ে কিছু একটা বলেন তামিমও। সাকিব আল হাসান এসে তামিমকে ধরে নিয়ে যান। ঘটনা নিয়ে ম্যাচের পর স্টোকস টুইটারে লেখেন, ‘জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। আমাদের চেয়ে ভালো খেলেছে স্বাগতিকরা। তবে আমার সতীর্থ কারো সঙ্গে হাত মেলানোর সময় কঠিন কিছু বলা হলে আমি তা মেনে নেব না।’

বাংলাদেশের সেলিব্রেশনকে সীমা ছাড়ানো বলে ম্যাচ শেষে উল্লেখ করেছেন ইংলিশ অধিনায়ক বাটলার। তার ভাষায়, ‘আমার আউট হওয়ার পর স্বাগতিকরা সেলিব্রেশনের সময় সীমা ছাড়িয়েছিল। উইকেট পেলে অবশ্যই খুশি হবে। তবে কারো মুখের সামনে এসে উদযাপনের কোনো প্রয়োজন পড়ে না।’

এ ঘটনাগুলোকে মাঠের আবেগ-উত্তেজনার প্রতিফলন দেখছেন সফরকারী অধিনায়ক। বলেন ‘ম্যাচের এমন সময় আবেগের বশে এমনটা ঘটে যেতে পারে। উইকেট পেয়ে স্বাগতিকরা ভীষণ খুশি ছিল। আউট হয়ে আমিও হতাশ ছিলাম। এমন উদযাপন আমিও সহজভাবে মেনে নিতে পারিনি। ঘটনা যা-ই হোক, আমিও স্রেফ হেঁটে চলে আসতে পারতাম।’

এ সিরিজ শুরুর আগে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছে নিরাপত্তা নিয়ে। প্রথম ম্যাচের আগের দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সামরিক মহড়া দিয়েছে যৌথবাহিনী। রীতিমতো সামরিক অভিযান। হেলিকপ্টারযোগে রেসকিউ মিশনের মহড়া পরিচালনা করেন প্যারা কমান্ডাররা। এ সামরিক মহড়া দেখে সন্তোষ প্রকাশ করেন ইসিবি (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) নিরাপত্তা উপদেষ্টা রেজ ডিকাসন। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে স্বাগতিকরা সমর্থ এ মহড়া দেখে, আমরা এখন আত্মবিশ্বাসী এমন কথাও বলেন ডিকাসন।

খেলা শুরুর আগে মাঠের নিরাপত্তা হয়ে উঠেছিল সবচেয়ে বড় প্রশ্ন। যুদ্ধ যুদ্ধ একটা আবহের মধ্য দিয়ে শুরু হয় ইংল্যান্ডের। আর বল মাঠে গড়াতেই এখন সবকিছু ছাপিয়ে প্রধান হয়ে উঠেছে মাঠের উত্তেজনা। স্নায়ুক্ষয়ী প্রথম দুটো ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা। জয়ের জন্য জানবাজী রেখে লড়ে যাচ্ছে দুই দলই। দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ২৩৮ রান টপকানোর চ্যালেঞ্জে ইংলিশরা নবম উইকেট হারায় ১৫৯ রানে। তারপরও হাল ছাড়েনি তারা। শেষ উইকেট জুটিতে প্রাণপণ চেষ্টা করে গেছেন আদিল রশিদ ও জ্যাক বল। রেকর্ড ৪৫ রানের জুটি গড়ে স্বাগতিক শিবিরে দুশ্চিন্তাও বাড়িয়ে দেন এ দুজন। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে যে এ উত্তাপ আরো তুঙ্গস্পর্শী হবে তা বলাই বাহুল্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি