পূর্বাশা ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলে আশুরা উপলক্ষে মাজারে জড়ো হওয়া শিয়াদের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৬ জন।
মঙ্গলবার (১১ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টার কিছুক্ষণ আগে কাবুলের অন্যতম বড় মাজার ‘কারতে সাকি’তে এই হামলা চালানো হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের একটি জমায়েতে কয়েকজন বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। এসময় তারা পুলিশের পোশাক পরিহিত ছিলেন।
নিহতদের মধ্যে ১৩ বেসামরিক নাগরিকের সাথে একজন পুলিশ কর্মকর্তাও আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে হামলাকারীরা গেইটে থাকা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে করতে ভিতরে প্রবেশ করে।
প্রাথমিক তথ্যে হামলাকারীর সংখ্যা তিনজন বলা হলেও সেদিকি জানিয়েছেন, পুলিশের বিশেষ বাহিনীর গুলিতে একজন বন্দুকধারী নিহত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এ হামলার সঙ্গে কোনো ধরনের সংযোগ থাকার কথাও অস্বীকার করেছেন তালেবানের এক মুখপাত্র।

























































