মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টেস্টেও জেতার জন্য খেলবে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৬

86394aa502c5f878af1f5235f19493ef-89

পূর্বাশা স্পোর্স ডেস্ক:

গত বছরের জুলাইয়ের পর বাংলাদেশ দল আর টেস্ট খেলেনি। ১৪ মাস পর আরেকটি টেস্ট সিরিজের সামনে দাঁড়িয়ে তাই সংশয়, পাঁচ দিনের ক্রিকেটের অভ্যস্ততায় মরচে ফেলেনি তো লম্বা এই বিরতি?
টেস্ট থেকে দলের এ রকম দীর্ঘ ‘ছুটি’ এক-দুই বছর পরপরই আসে। প্রতিবারই লম্বা বিরতি কাটিয়ে ফেরার সময় জাগে ওই সংশয়। এত দিন ধরে খেলোয়াড়েরা টেস্টে নেই। না জানি কী হয়!
২০ অক্টোবর থেকে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু। তবে আশার কথা, ‘না জানি কী হয়’ শঙ্কাটা এবার আগের মতো নেই। খেলোয়াড়, নির্বাচক সবার মধ্যেই নতুন আত্মবিশ্বাস—ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও ভালো করা সম্ভব। জয়ই বা কেন নয়!
তামিম ইকবালের ভাষায়, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা টেস্টে বাংলাদেশের উন্নতির গ্রাফ ঊর্ধ্বমুখী করার ‘পারফেক্ট সুযোগ’। কারণ ইংল্যান্ড ভালো দল, ভালো খেলছে। তাদের বিপক্ষে এই সময় ভালো খেলতে পারলে টেস্ট সামর্থ্যে বাংলাদেশ উঠে যাবে আরেক ধাপ উঁচুতে। তামিম আত্মবিশ্বাসী, ‘শুধু খেলার জন্য নয়, এই সিরিজটা আমরা জেতার জন্যই খেলব। সে জন্য ভুল যতটা সম্ভব কম করতে হবে। তাহলে যেকোনো কিছু সম্ভব। কারণ এটা ক্রিকেট।’
ওয়ানডে সিরিজ হারতে হওয়ায় কিছুটা হতাশ হলেও হারটা এই ওপেনারের কাছে শিক্ষা, ‘এ রকম সিরিজ হেরে যাওয়া দুঃখজনক। প্রথম ম্যাচটাই আমাদের জেতা উচিত ছিল। তবে এটা একটা শিক্ষাও। ক্রিকেট খেললে ভালো-খারাপ দুটোই মানতে হবে। আর সব মিলিয়ে সিরিজটা আমাদের জন্য খুব খারাপও হয়নি।’
তামিমের অন্য সতীর্থরাও তাই মনে করেন। ওয়ানডে সিরিজের ফলাফলকে ইতিবাচকভাবে নিচ্ছেন সবাই। ম্যানেজার হওয়ার সুবাদে দলের সঙ্গে আছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ। মাঠ, ড্রেসিংরুম কোথাওই ক্রিকেটারদের মানসিকতায় কোনো জড়তা বা ভয় তাঁর চোখে পড়ছে না, ‘ভালো খেলতে পারার আত্মবিশ্বাস ছেলেদের মধ্যে এসে গেছে। টেস্ট-ওয়ানডে, কোনো ম্যাচেই তারা এখন আর কাউকে ভয় পায় না। ওরা জানে, ম্যাচের যেকোনো পরিস্থিতি থেকে তাদের ফিরে আসার সামর্থ্য আছে।’
এই আত্মবিশ্বাসে সঞ্জীবনী হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ। বেশ কষ্টেই দুটি ম্যাচ জিতে সিরিজ জিতেছে ইংল্যান্ড। বড় দল মানেই যে বাংলাদেশের বিপক্ষে জয়টা আর অবধারিত নয়, এই দুই ম্যাচ দিয়েছে সেই ঘোষণা। মাহমুদ এমনও ভাবেন, ‘আমরা সিরিজটা ৩-০-তে জিততেও পারতাম। দ্বিতীয় ওয়ানডে তো আমরা জিতেছিই। প্রথম আর শেষ ম্যাচেও জয়ের ভালো সম্ভাবনা ছিল।’
টানা ছয়টি ওয়ানডে সিরিজ জেতার পর ইংল্যান্ডের বিপক্ষে এই পারফরম্যান্স টেস্টেও আশাবাদী করে তুলছে মাহমুদকে, ‘আমাদের বেশির ভাগ খেলোয়াড়ই এখন পরিণত। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ—ওরা জানে কখন কোন সুইচ অফ বা অন করতে হবে।’ তবে টেস্টে ভালো খেলার জন্য যে দীর্ঘ পরিসরের ক্রিকেট আরও বেশি খেলা উচিত, সেই সত্যিটা অস্বীকার করতে পারেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক, ‘এই এক বছরে ওরা বিসিএল ছাড়া আর কোনো দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলেনি। দু-একজন হয়তো জাতীয় লিগে ম্যাচ পেয়েছে। ঘরোয়া ক্রিকেটে এত কম ম্যাচ খেললে টেস্টে উন্নতি করা কঠিন।’
প্রায় ১৬ বছর কাটিয়ে দেওয়ার পরও টেস্ট ক্রিকেটটা তাই বাংলাদেশের কাছে এখনো খানিকটা অচেনা ভুবন। তবু এবারের ইংল্যান্ড সিরিজে তামিম, মাহমুদদের মতো আশাবাদী লোকের সংখ্যাই বেশি। ১৪ মাসের বিরতি ভুলে ইংল্যান্ডকে কীভাবে সমস্যায় ফেলা যায়, সেই অঙ্ক কষছে বাংলাদেশ।
টেস্টের দল ঘোষণা হওয়ার কথা ১৬ অক্টোবর রাত বা ১৭ অক্টোবর সকালে। কাল থেকে শুরু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টেস্ট খেলার ফিটনেস আছে বোঝাতে পারলে দলে তাসকিনের থাকা একরকম নিশ্চিত। অফ স্পিনার হিসেবে শুভাগত হোম, মোসাদ্দেক হোসেন ও মেহেদী হাসানের (মিরাজ) অন্তত দুজন নাকি দলে থাকছেন। বাদবাকি দলটা মোটামুটি সবারই জানা। ব্যাটিং অর্ডারের ৭, ৮ ও ৯ নম্বরে কারা থাকবেন, দল নির্বাচনের আলোচনায় প্রাধান্য পাচ্ছে সেটাই।
মাঠে কাদা থাকায় প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা কাল হয়নি। আজ দ্বিতীয় দিনে খেলার ধরন একটু বদলেছে। লাল-বল, সাদা পোশাক এবং দীর্ঘ পরিসরের ক্রিকেটের অন্যান্য নিয়ম ঠিক থাকলেও ম্যাচে ৪৫ ওভারের বেশি ব্যাটিং করতে পারবে না কোনো দল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি