পূর্বাশা ডেস্ক:
বঙ্গবন্ধুকে হত্যার পর শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টায় আওয়ামী লীগের অবদানের কথা স্বীকার করে দলের সভানেত্রী বলেছেন, আমি গণমানুষের সমর্থনে বাংলাদেশে ফিরে আসি। যার ব্যবস্থা আওয়ামী লীগ করেছিল, সভাপতি বানিয়েছিল আমাকে। আমি আওয়ামী লীগের কাছে কৃতজ্ঞ; তারাই বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল। আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা দেশ চালাচ্ছি। ২০০৮ সালে দেশের মানুষ আমাদের ভোট দেয়; ২০০৯ সালে সরকার গঠন করার পর দেশ ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত করেছি। আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আজকের দিন আমি মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি। শেখ হাসিনা বলেন, সম্মেলনে যারা বিদেশ থেকে এসেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। তৃণমূল পর্যায় থেকে এসেছেন, অতিথিরা এসেছেন সবার প্রতি রইল আমার শুভেচ্ছা। তাদের অংশগ্রহণে সফল হবে এবারের আয়োজন।
এর আগে সকাল ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এ সময়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর সকাল ১০টা ১২ মিনিটে বেলুন ও শান্তির পায়রা ওড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাশাপাশি সকল সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। উদ্বোধনকালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। এর পর পরই সম্মেলনের থিম সং পরিবেশন করা হয়। এর আগে সকাল সাড়ে ৮টায় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মো. নাসিম সারা দেশ থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।























































