পূর্বাশা ডেস্ক:
জাতীয় নিরাপদ সড়ক দিবস’ আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে— ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’। দিবসটি উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে— সমাবেশ ও শোভাযাত্রা। শোভাযাত্রাটি সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমি থেকে যাত্রা শুরু করে কাকরাইল মোড়, বিজয়নগর মোড় ও পল্টন মোড় হয়ে মুক্তাঙ্গন গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।
‘নিরাপদ সড়ক চাই’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়েছে , শোভাযাত্রার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী মারা যান। আজ তার ২৩তম মৃত্যুবার্ষিকী। তার অকালমৃত্যুকে কেন্দ্র করে সড়ককে নিরাপদ করার এই আন্দোলন শুরু হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষেও কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। এদিন দুপুরে নিসচার নেতারা বনানী কবরস্থানে মরহুমার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া এদিন বাদ আসর নিসচার প্রধান কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।























































