পূর্বাশা ডেস্ক:
ভারতের কংগ্রেসের প্রতিনিধি, রাজ্যসভার বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ বলেছেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনের লড়াইয়ে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ নেতা। তিনি জঙ্গি-সন্ত্রাস দমনে যে দৃঢ় পদক্ষেপ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে।
আওয়ামী লীগের ২০তম সম্মেলনে বিদেশী অতিথিদের বক্তব্যে তিনি এ কথা বলেন। গোলাম নবী আজাদ মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, সেই দুর্যোগময় ক্ষণে ইন্দিরা গান্ধী এক কোটিরও বেশি মানুষকে ভারতে আশ্রয় দিয়েছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক পরিম-লে কাজ করেছিলেন। তিনি তার দলের এবং প্রতিনিধিদের পক্ষ থেকে আওয়ামী লীগকে কৃতজ্ঞতা জানান। বলেন, এই সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। সম্মেলনের সাফল্য কামনা করছি।
২০১১ সালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ঢাকা সফরের কথা স্মরণ করে আজাদ বলেন, ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের সম্পর্ক। এই সম্পর্ক দিন দিন বাড়বে। ভারত-বাংলাদেশ নতুন নতুন কিছু চুক্তি হয়েছে। আমাদের দুই দেশের সম্পর্ককে যা আরও শক্তিশালী করে তুলবে।
এই রাজনীতিক বঙ্গবন্ধুর কথা স্মরণ করে বলেন, মহাত্মা গান্ধী যেমন ভারতবাসীকে উপনিবেশবাদের বিরুদ্ধে অনুপ্রাণিত করে দেশকে স্বাধীন করেছিলেন, তেমনি বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন সব রকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য; যা বাংলাদেশের স্বাধীনতায় রূপ নেয়। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক দিনে দিনে নতুন মাত্রা পাবে।























































