ডেস্ক রিপোর্ট :
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই আমার পরিবার, আমার আপনজন, আওয়ামী লীগকেই আমি সবচেয়ে বেশি সময় দিয়েছি। এই সময় আমি আমার নিজ ছেলেমেয়েকেও দেইনি। আমার ছেলে জয় যখন ১০ বছরের, মেয়ে পুতুল যখন ৮ বছরের তখন আমি দলের সভাপতি হয়েছি। ৩৫ টি বছর এ দলের সভাপতি থেকেছি। এতো লম্বা সময় এ দায়িত্ব কেউ পালন করে না। আমি চাই, আমি জীবিত থাকতে থাকতে আপনারা নতুন নেতা নির্বাচন করে এই সংগঠনকে আরও গতিশীল করবেন। এখনই নির্বাচন করা হচ্ছে না। কিন্তু এটা করতে হবে। আমার বয়স ৭০ হয়ে গেছে। এটাও মনে রাখতে হবে’। এ সময় কাউন্সিলররা দাঁড়িয়ে সমস্বরে ‘না, না’ বলে চিৎকার করে ওঠেন।
আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘অনেকেই বাংলাদেশকে নিয়ে খেলতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কাউকেই বাংলাদেশকে নিয়ে খেলতে দেয়া হবে না’।
বিএনপি জামায়াতকে ক্ষমতায় আসতে দেয়া হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দেশে যে উন্নয়নের ধারা অব্যহত রয়েছে, তা বজায় রাখতে আওয়ামী লীগকে আরও একবার সরকার গঠন করতে হবে’।
তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের আবারও ক্ষমতায় আসতে হবে। সরকারের উন্নয়ন কর্মকা-ের ব্যাপক প্রচার করতে হবে। মানুষকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।’
এর আগে সকাল সাড়ে ৯ টায় শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় সম্মেলনের তৃতীয় অধিবেশন। গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা শেষে অনুমোদন করবেন কাউন্সিলররা। এরপর বিলুপ্ত হবে বর্তমান কমিটি।
আজকের অধিবেশনে আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন কাউন্সিলররা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চতুর্থ অধিবেশনে কাউন্সিলরদের ভোটে ঠিক হবে দলের নতুন নেতৃত্ব।
সন্ধ্যায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর নির্বাচিত সভাপতি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এর মধ্য দিয়ে শেষ হবে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। সভাপতি হিসেবে আবারও শেখ হাসিনাকেই চাইছেন কাউন্সিলররা। সজীব ওয়াজেদ জয়কে দেখতে চান নেতৃত্বে। তবে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে সম্মেলন শেষ হওয়া পর্যন্ত।























































