ডেস্ক রিপোর্টঃ
কাউন্সিলে তৃণমূল নেতারা দাবি তুললেও এখনই আওয়ামী লীগের কমিটিতে আসতে অনাগ্রহ জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।
রোববার বিকালে আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে দলের গবেষণা সেল সিআরআইয়ের স্টলে গেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।
নানা ও মায়ের দল আওয়ামী লীগের সম্মেলনে এবারই প্রথম কাউন্সিলর হয়েছেন ৪৫ বছর বয়সী জয়। পিতৃভূমি রংপুর থেকে তাকে কাউন্সিলর করে পাঠানো হয়েছে।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কাউন্সিলে অংশ নেন জয়।
আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তাকে পেয়ে আগের দিনের মতোই উচ্ছ্বসিত ছিলেন দলের নেতারা।
শেখ হাসিনাপুত্র শনিবার কাউন্সিলে যোগ দিলে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “শেখ হাসিনা আমাদের শেষ ভরসা। আর এখানে আছেন আরেকজন শেষ ভরসা। তিনিই নেতৃত্ব দিয়ে এগিয়ে নেবেন।”
এরপর কাউন্সিলে বক্তব্যে বেশ কয়েকজন তৃণমূল নেতা বঙ্গবন্ধুর নাতিকে আওয়ামী লীগের নতুন কমিটিতে আনার দাবি তোলেন।
বঙ্গবন্ধুর পর তার মেয়ে শেখ হাসিনা গত ৩৫ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তাকে পেয়ে আগের দিনের মতোই উচ্ছ্বসিত ছিলেন দলের নেতারা।
সজীব ওয়াজেদ জয় সিআরআইয়ের দুটি প্যাভিলিয়ন ঘুরে দেখেন, যেখানে আওয়ামী লীগের প্রকাশনা, পোস্টার, ব্যাজসহ নানা সামগ্রী বিক্রি করা হচ্ছে।এসময় জয়কে উপহার স্বরূপ বই তুলে দেন সিআরআইয়ের নিবার্হী পরিচালক সাব্বির বিন শামস। সিআরআইয়ের সহকারী সমন্বয়ক তন্ময় আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সংগ্রামের দিনগুলির ওপর প্রদর্শনীও ঘুরে দেখেন জয়।
তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সংগ্রামী দিনগুলোর কথা জনসাধারণকে জানানো দরকার। সিআরআই এই প্রদর্শনীতে সংগ্রামী দিনগুলো আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরেছে।”
উদ্যানের চারটি জায়গায় আওয়ামী লীগের ইতিহাস, বঙ্গবন্ধু ও তার ৭ মার্চের ভাষণ এবং শেখ হাসিনার রাজনৈতিক জীবনের নানা পর্ব আলোকচিত্রে তুলে ধরা হয়েছে।























































