রকিবুল হাসান রকি:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সোমবার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি ডাক্তাররা ভাতা ও পরিবহন ব্যবস্থা বহাল রাখার দাবীতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনা করেন। এ সময় দূর থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়ে। ইন্টার্নি ডাক্তার ইকবাল শাহরিয়ার হিমেল সাংবাদিকদের জানান, বিভিন্ন সরকারী মেডিকেলের সাথে সামঞ্জস্য রেখে প্রাইভেট মেডিকেলের ইন্টার্নি ভাতা বৃদ্ধি করা হয়। আমরা পূর্বে কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করেও এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত পাইনি। আমাদের পরিবহন ব্যবস্থা বন্ধ করে হোষ্টেলে উঠার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিপূর্বে আমাদের হোষ্টেল থেকে এক প্রকার জোর করে বের করা হয়েছিল। তিনি আরও জানান, ইন্টার্নির ভাতা ১৫ হাজার টাকায় উত্তীর্ণ করা ও পরিবহন ব্যবস্থা চালু করার জন্য দাবী না মানা পর্যন্ত আমরা এই কর্মবিরতি চালিয়ে যাব। কর্মবিরতি চলাকালে এক পর্যায়ে বহিরগত সন্ত্রাসীরা ইন্টার্নি ডাক্তারদের উপর হামলা চালায়। জানা যায় ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতির সময় স্থানীয় একজন হাসপাতালে ঢুকতে চায়। তাকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হলে সে গালমন্দ করে এবং মারধর করার হুমকি দেয়। পরে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ইন্টার্নি ডাক্তারদের উপর হামলা চালায় এবং চেয়ার ভাংচুর করে। হামলায় বেশ কয়েকজন ইন্টার্নি ডাক্তার আহত হয়। তারা হলেন ডাঃ জাকির হোসেন, ডাঃ রোমান রহমান এবং ৫ম বর্ষের ছাত্র অনিক সাহা। ঘটনা জানার পর সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ইন্টার্নি ডাক্তারদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। অধ্যক্ষ ডাঃ শফিকুর রহমান পাটোয়ারী জানান, ইন্টার্নি ডাক্তারদের ২ দফা দাবী নিয়ে আমরা বৈঠকে বসব, এ ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বহিরাগত সন্ত্রাসীদের সিসি টিভির ফুটেজ থেকে সনাক্ত করে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।


















































