নেকবর হোসেন:
মনোহরগঞ্জে এক গ্রাম্য ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলী আহমেদ নামের ওই ব্যবসায়ী বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মনোহরগঞ্জ থানা পুলিশ মামলাটি এফআইআর হিসেবে গ্রহন করলেও গতকাল রোববার রাত পর্যন্ত কোন আসামীকে গ্রেফ্তার করতে পারেনি। গত ২১ অক্টোবর রাতে উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের দেবপুর গ্রামে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। স্থানীয় সন্ত্রাসী বাবু’র নেতৃত্বে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে মামলা সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- গত ২ অক্টোবর রাতে উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের দেবপুর গ্রামের ব্যবসায়ী আলী আহমেদের দোকানে থাকা দেড় লক্ষ টাকা চুরি করে একদল দুর্বৃত্ত। এ ঘটনার পর দোকানের মালিক সন্দেহভাজন হিসেবে পাশের যাদবপুর গ্রামের মৃত. শফিউল্লাহর ছেলে রিক্সাচালক সাইফুল ইসলামকে আটক করলে জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। এ সময় সে তার সাথে থাকা দেবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম বাবু ও আবু তাহেরের ছেলে রাজিব আরমানের নামও প্রকাশ করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ ঘটনায় এক শালিস বৈঠক বসলে ওই ৩ জন চুরি করা টাকা ফেরত দিবে বলে সকলকে আশ্বাস দেয়। কিন্তু পরবর্তীতে টাকা পরিশোধে তালবাহানা শুরু করে। এমনকি আলী আহমেদকে প্রাণনাশের হুমকি ধমকি দেওয়া শুরু করে। একপর্যায়ে শালিশের রায় পরিবর্তন করার জন্য উল্টো মামলা দিয়ে হয়রানি শুরু করে।
এদিকে, এ ঘটনার জের ধরে গত ২১ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী গিয়াস উদ্দিন, রুহুল আমিন, লিটন, মিঠনসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আলী আহমেদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ওই সন্ত্রাসীরা আলী আহমেদের ঘরের টিন ও আসবাবপত্র কুপিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। পরে ওই সন্ত্রাসীরা ঘরে ঢুকে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৬ হাজার টাকা লুটে নেয়। এ সময় এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আলী আহমেদ বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৬, তাং ২২/১০/২০১৬।
এদিকে, থানায় মামলা হলেও পুলিশ এখনও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। মামলার বাদী আলী আহমেদ জানান- আসামীরা উল্টো আমার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছেন। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।


















































