ডেস্ক রিপোর্টঃ
নির্বাচনের ফল নিজেদের ঘরে তুলতে হবে। তাই কোমর বেঁধে মাঠে নামছেন যুক্তরাষ্ট্রের দুই ফার্স্টলেডি। তাদের একজন বর্তমান ফার্স্টলেডি মিশেল ওবামা। অন্যজন সাবেক ফার্স্টলেডি, পররাষ্ট্রমন্ত্রী ও এবার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে প্রার্থী হিলারি ক্লিনটন। আগামী ৮ই নভেম্বর এ নির্বাচন। এখন শুধু দিন গণনার পালা। এ সময়ে হিলারি ক্লিনটন ও তার প্রচারণা টিম ছুটছেন হন্যে হয়ে। তাদের প্রধান লক্ষ্য হলো সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলো। সেখানকার ফলই মূলত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব রাজ্যের মধ্যে অন্যতম নর্থ ক্যারোলাইনা। তাই সেখান থেকে ভোটারের মন গলিয়ে ভোট আদায়ের জন্য এই দু’ফার্স্টলেডি একসঙ্গে মাঠে নামছেন। এবার এটাই এমন ঘটনা প্রথম। তারা আগামী বৃহস্পতিবার একসঙ্গে ছুটে যাবেন নর্থ ক্যারোলাইনায়। হিলারি ক্লিনটনের শীর্ষ সহযোগীরা মনে করেন এ রাজ্যে ডনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা প্রবল। তাই তার কাছ থেকে এ বিজয় নির্বাচনের মাধ্যমে কেড়ে নিতে এ দু’শক্তিধর নারী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছেন। রোববার হিলারি ক্লিনটনের এক মুখপাত্র ব্রায়ান ফলঅন বলেছেন, নর্থ ক্যারোলাইনার উইস্টোন-সালেমে একসঙ্গে প্রচারণা চালাবেন হিলারি ও মিশেল। হিলারির নির্বাচনী কৌশল বিশারদরা হিসাব কষছেন দিনরাত। তারা হিসাবের খাতায় দেখতে পাচ্ছেন ২০০৮ সালে এ রাজ্যে তখনকার সিনেটর বারাক ওবামাকে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন ভোটাররা। এরপর ২০১২ সালে সেই চিত্র পাল্টে যায়। ভোটাররা তাদের মতিগতি পাল্টে ভোট দেন রিপাবলিকানদের। এ নির্বাচনে আর বারাক ওবামা বিজয়ী হন নি এ রাজ্যে। এ নির্বাচনে আফ্রিকান বংশো™ভূত মার্কিনি ও লাতিন ভোটারদের ওপর ভর করে এ বিজয় অর্জন করে রিপাবলিকানরা। তারপর থেকে গত ৪ বছরে সেখানকার চিত্র পাল্টে গেছে বলে মনে করেন হিলারি ক্লিনটনের কৌশলীরা। এ রাজ্যটি সেই সুইং স্টেট। ভোটাররা কখনো ডেমোক্রেট, কখনো রিপাবলিকানদের বেছে নেন। তাদের সুনির্দিষ্ট কোনো দল নেই। এবার নির্বাচনী প্রচারণা চালানোর সময় রিপাবলিকান দল থেকে প্রার্থী ডনাল্ড ট্রাম্প যে পরিমাণ বিতর্ক সৃষ্টি করেছেন, নারীদের নিয়ে নোংরা কথা বলেছেন, তার বিরুদ্ধে যে পরিমাণ নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন, তিনি ক্ষমতায় গেলে প্রথম এক ঘন্টায় কয়েক লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করার হুমকি দিয়েছেন, হুমকি দিয়েছেন হিলারি ক্লিনটনকে জেলে নেয়ার, যৌন হয়রানির শিকার নারীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেনÑ তাতে হিলারি ক্লিনটনের কৌশলীরা আশা করছেন এ রাজ্যের জয়ের মালা তাদের গলায় যাওয়াটাই সমীচীন। ভোটাররা তাদেরকেই বেছে নেয়ার সম্ভাবনা বেশি। ভোটারদের মনের সেই দুর্বল স্থানগুলোতে খোঁচা দিয়ে তাদের সহানুভূতি আদায়ে তাই একজোট হয়েছেন মিশেল ওবামা ও হিলারি ক্লিনটন। মিশেল ওবামা মাঠে নামায় হিলারির প্রচারণায় আরও গতি পাবে বলে মনে করছেন সমাজ বিজ্ঞানীরা। এ বিষয়ে ব্রায়ান ফলঅন বলেছেন, প্রচারণায় মিশেল নেমে পড়েছেন। এটা আমাদের কোনো গোপন অস্ত্র নয়। তিনি যতগুলো ইভেন্টে যাবেন বলে আমরা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি তিনি করে ফেলেছেন। তিনি আরও ইভেন্টে যোগ দেবেন। তিনি আমাদেরকে বাড়তি সময় দিচ্ছেন এতে হিলারির টিম বিস্মিত, উৎফুল্ল। আমাদের দৃষ্টিতে মিশেল ওবামা একজন ‘রক স্টার’। তিনি আন্দোলিত করতে পারেন। ভোটারের মন জয় করতে পারেন। ওদিকে রোববারও নর্থ ক্যারোলাইনায় প্রচারণা চালিয়েছেন হিলারি ক্লিনটন। ডারহামে একটি চার্চে যোগ দিয়েছিলেন তিনি। এ চার্চটিতে যোগদানকারীদের বেশির ভাগই কৃষ্ণাঙ্গ। এরপর হিলারি র্যালিতে সেন্ট অগাস্টিনস ইউনিভার্সিটিতে একটি র্যালিতে যোগ দিয়েছেন। এদিন নর্থ ক্যারোলাইনা ডেমোক্রেটিক নেতা রয় কুপার ও সিনেট মনোনীত প্রার্থী ডেবোরাহ রোজকে পরিচয় করিয়ে দেন।

























































