ডেস্ক রিপোর্ট :
সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বাসার দরজায় শব্দ। ভেতরে থাকা লোকজন সাড়া দেওয়ার আগেই দরজার রাউন্ড লক (ঘোরানো তালা) ভেঙে ঢুকে পড়ে সশস্ত্র তিন ব্যক্তি। এরপর একে একে ঢোকে আরো ১২-১৩ জন। প্রথমে তারা নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) বলে পরিচয় দিয়ে সবাইকে নীরব থাকতে বলে। মুহূর্তের মধ্যেই বদলে যায় তাদের আচরণ। পিস্তল ঠেকিয়ে বাসার সবাইকে বেঁধে ফেলা হয়। পুরো ঘর তছনছ করে লুটপাট চালায় ১৫-১৬ জনের দল। এই লুটের ফাঁকে জিম্মিদের ওপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। প্রায় দুই ঘণ্টা তাণ্ডব চালিয়ে বীরদর্পে চলে যায় লুটেরার দল।
গত ১ জুন রাজধানীর দক্ষিণ মহাখালীর জিপি-ক ৩০ নম্বর বাড়িতে ডিশ ব্যবসায়ী মোহাম্মদ রাসেলের বাসায় এভাবেই ডাকাতির ঘটনা ঘটে। সাড়ে চার মাস পর জানা গেছে, সংঘবদ্ধ ওই ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা। একই দলের সাত-আটজন প্রায় একই কৌশলে পশ্চিম নাখালপাড়ার ৩২৭/১ নম্বর বাড়িতে সেলুন ব্যবসায়ী কাজী মোসতাহের উদ্দিন সেলিমের বাসায়ও ডাকাতি করে। সাত আসামিকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা বলছেন, জেএমবি সদস্যরা তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ডাকাতির পথ বেছে নিয়েছে। তাঁরা বলছেন, পেশাদার ডাকাতের মতোই বাসায় ঢুকে জিম্মি করে লুটপাট ও নির্যাতন চালানো হয়। খোদ রাজধানীতে জঙ্গিরা এমন ডাকাতি করতে পারে, তা ধারণাও করতে পারেনি ভুক্তভোগীরা। সিটিটিসি সাম্প্রতিক সময়ে যে ডাকাতদের গ্রেপ্তার করেছে, তাদের ছবি দেখে ভুক্তভোগীরা কাউকে কাউকে চিনতে পেরেছে বলেও জানিয়েছে।
ভারতে পালিয়ে থাকা জঙ্গি সালাউদ্দিন সালেহীন ওরফে সানির নেতৃত্বে ডাকাতিতে সক্রিয় সাত সদস্যকে সোমবার গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে ছয় দিনের রিমান্ডে নিয়ে জ্ঞিজাসাবাদ করছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ছিল রিমান্ডের দ্বিতীয় দিন। তদন্তকারীরা বলছেন, গ্রেপ্তারকৃতদের জবানবন্দি অনুযায়ী তাদের দলের অন্তত এক ডজন জঙ্গি ডাকাতকে খুঁজছে পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় সপরিবারে বাসা ভাড়া নিয়ে ডাকাতির নিশানা ঠিক করে। এরপর সহযোগীদের নিয়ে ডাকাতি করে। নাখালপাড়ায় সেলিমের বাসায় ডাকাতির ছয় মাস আগে তাদের পাশেই এক জঙ্গি বাসা ভাড়া নিয়েছিল। জেএমবির জঙ্গিরা ডাকাতির জন্য সন্ধ্যার সময়টিই বেছে নেয়।
সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘জেলে থাকা নেতাদের জামিনে ছাড়িয়ে আনতে এবং ফান্ড বাড়াতে জেএমবির সদস্যরা আবারও ডাকাতিতে নেমেছে। আগেও তারা এভাবে ফান্ড সংগ্রহ করেছে। সাতজনকে ধরার পর আরো কয়েকজনের নাম জানা গেছে। তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
সূত্র জানায়, গত সোমবার তেজগাঁও থেকে গ্রেপ্তারকৃত কাশেম ওরফে কাউসার ওরফে কাশু, নাজমুল হাসান নয়ন ওরফে নরেশ, রাশেদ ওরফে কাকলির বাবা, সেন্টু হাওলাদার ওরফে জাহিদ, আবু বক্কর সিদ্দিক ওরফে শুভ্র ওরফে আকাশ, আবদুল বাছেদ ও জুয়েল সরকার ওরফে সোহরাব ওরফে সরকারকে নাখালপাড়ার ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে আনা হয়েছে। গত ১৮ জুলাই সন্ধ্যায় ওই ডাকাতির ঘটনা ঘটে, যার প্রায় তিন মাস পর ১০ অক্টোবর তেজগাঁও থানায় মামলা করেন ক্ষুদ্র ব্যবসায়ী সেলিম। মামলার এজাহার সূত্রে জানা গেছে, পশ্চিম নাখালপাড়ার ৩৭২/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় সেলিমের বাসায় ১৮ জুলাই সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ডাকাতদল কড়া নাড়ে। এ সময় সেলিমের স্ত্রী খোদেজা বেগম দরজা খুলে দিলে সাত-আটজন ছোরা, চাকু ও আগ্নেয়াস্ত্র হাতে ভেতরে ঢোকে এবং সবাইকে চুপ থাকতে বলে। এ সময় সেলিম বাসায় ছিলেন না। বাসায় ছিল তাঁর দুই মেয়ে সাবরিনা (২৪) ও তাসনিম (১৮)। ডাকাতদল মা ও মেয়েদের এক কক্ষে নিয়ে ওড়না ও চাদর দিয়ে হাত-মুখ বেঁধে ফেলে। দুজন জিম্মিদের পাহারা দেয় এবং বাকিরা খোদেজার কাছ থেকে চাবি নিয়ে লুটপাট শুরু করে। প্রায় ৩০ মিনিট পর ডাকাতদল বাসার ছাদে ওঠে পাশের ভবনের ছাদ দিয়ে পালিয়ে যায়। ডাকাতদলের সবার বয়সই ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সেলিম এজাহারে আরো আরো উল্লেখ করেন, তাঁর বাসা থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার, চার লাখ টাকা ও কয়েক লাখ টাকার কাপড় লুট হয়েছে।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে কাজী মোসতাহের উদ্দিন সেলিম বলেন, ‘ঘটনা যেভাবে ঘটেছে তাতে করে এটা জঙ্গিদের কাজ বলে মনে হয়নি। তাদের একজন নাকি আমার বাসার পাশে ছয় মাস আগে পরিবার নিয়ে বাসা ভাড়া করে ছিল। অভিযান শুরুর পর রামপুরায় চলে যায় ওই পরিবার। সেও নাকি ধরা পড়েছে।’ আসামি গ্রেপ্তার ও শনাক্তের ব্যাপারে সেলিম বলেন, ‘সিটির পুলিশ আমাকে ফোনে গ্রেপ্তারের কথা জানিয়েছে। হয়তো আদালতের মাধ্যমে মালপত্র শনাক্ত করতে হবে। জঙ্গি বলেন আর ডাকাত বলেন, আসামিদের আমরা চিনব না। তারা বাসায় ঢুকেই সবার মুখ বেঁধে ফেলেছিল।’ এত দিন পর মামলা করলেন কেন, জানতে চাইলে সেলিম বলেন, ‘খুব একটা ভয় এবং চিন্তার মধ্যে ছিলাম। পরে দেখলাম, যদি আইনগত ব্যবস্থা না নেই তাইলে কখনোই কিছু পাব না। তাই পরে মামলা করি।’
গত ২ জুলাই বনানী থানায় ডিশ ব্যবসায়ী রাসেলের দায়ের করা মামলায় সাত আসামির কাউকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। ওই মামলার এজাহার সূত্রে জানা গেছে, দক্ষিণ মহাখালীর জিপি-ক ৩০ নম্বর বাড়িতে মা-বাবা, স্ত্রী নাসরিন, দুই মেয়ে রিসতি (৮) ও হৃদি (৬) এবং ছোট ভাই রুবেলকে নিয়ে থাকেন রাসেল। ১ জুন তিনি মা, ছোট ভাইসহ মুন্সীগঞ্জের নানার বাড়িতে ছিলেন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে বাসার দরজার রাউন্ড লক ভেঙে তিন অস্ত্রধারী বাসায় ঢোকে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সবাইকে শান্ত থাকতে বলে। এরই মধ্যে আরো ১২-১৩ জন বাসায় ঢোকে। ওই সময় রাসেলের বাবা আফাজ উদ্দিনও বাসার বাইরে ছিলেন। ডাকাতরা প্রথমে তিনজনকে বেঁধে ফেলে। এ সময় রাসেলের স্ত্রীকে চাপাতির ভয় দেখিয়ে বলে, ‘ঘরের চাবি, টাকা-পয়সা, স্বর্ণালংকার কোথায় কী আছে বল। তা না হলে তোর মেয়ে দুইটাকে মেরে ফেলব।’ ডাকাতরা চাবি না পেয়ে নাসরিনকে চড় মারে এবং তল্লাশি শুরু করে। সাড়ে ৭টার দিকে রাসেলের বাবা আফাজ উদ্দিন বাইরে থেকে বাসায় আসেন। দরজা খুলে তাঁকে ভেতরে ঢুকিয়ে বেঁধে ফেলে ডাকাতদল। এরপর মেঝেতে ফেলে বাঁ হাতে ও ঘাড়ে চাপাতি দিয়ে আঘাত করে। এজাহারে রাসেল বলেন, ডাকাতদল বাসা তছনছ করে প্রায় ৮০ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা, ল্যাপটপ, ছয় লাখ টাকার কাপড়সহ প্রায় ৪২ লাখ টাকার মালপত্র লুট করে। তারা প্রধান দরজা দিয়ে রাত ৯টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। ডাকাতদের মধ্যে দুজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।
গত বুধবার বিকেল পর্যন্ত সন্দেহভাজন সাত আসামি গ্রেপ্তার এবং জেএমবির সংশ্লিষ্টতার তথ্য জানতেন না বাদী মোহাম্মদ রাসেল। তিনি বলেন, ‘পুলিশ বলছিল অগ্রগতি জানাবে। পরে আবার মামলা ডিবিতে যাবে বলেও শুনছি। তবে আমাকে এমন কিছু জানায়নি কেউ।’ বিস্ময় প্রকাশ করে রাসেল আরো যোগ করেন, ‘ডাকাতদের মধ্যে একজনের বয়স ৪০-এর ওপরে। বাকি সবাই ২০-এর মতো।’ গতকাল রাসেল বলেন, পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে তাঁদের বাসায় ডাকাতির সন্দেহভাজন আসামি গ্রেপ্তারের ব্যাপারে নিশ্চিত হয়েছেন।
সিটিটিসি সূত্র জানায়, সাত জঙ্গির কাছ থেকে ৬৭ ভরি সোনার গহনা, ছয় লাখ টাকা, চারটি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৯টি চাপাতি, চারটি ল্যাপটপ, টেলিভিশন, মোটরসাইকেলসহ বিভিন্ন লুটের মাল উদ্ধার করা হয়েছে। এ মালপত্র কোন কোন স্থান থেকে লুট করা হয়েছে তা যাচাই করা হচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘পুরনো জেএমবির একটি দলকে সালাউদ্দিন ডাকাতি করে তহবিল গঠনের নির্দেশ দিয়েছে। সে অনুযায়ী উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলার জঙ্গিরা ছয় মাস ধরে ঢাকায় জড়ো হয়। তারা নব্য জেএমবির নাশকতার পরিকল্পনায় যুক্ত না হয়ে আলাদাভাবে ডাকাতি করে তহবিল গঠনের চেষ্টা করছে। এদের বেশ কয়েকজন ছদ্মপেশায় যোগ দিয়েছে।’ ওই কর্মকর্তা আরো বলেন, ‘গ্রেপ্তারকৃতদের তথ্য মতে আরো এক ডজন জেএমবি সদস্য লুট করে তহবিল গঠনের জন্য ঢাকায় আসে। সন্ধ্যার সময় শহরে নিরাপদে লুট করে বেশি টাকা পাওয়া যাবে—এমন ধারণা থেকে তারা রাজধানীকে বেছে নিয়েছিল।


























































