পূর্বাশা ডেস্কঃ
গৃহকর্মী হ্যাপীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শেষ করেছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৩১ অক্টোবর দিন ধার্য করেছে।
আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসলামের আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মিরপুর মডেল থানার পরিদর্শক শফিকুর রহমান।
এ পর্যন্ত মামলার ১২ সাক্ষীর মধ্যে ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
এ বছর ২২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, গৃহকর্মী মাহফুজা আক্তার ওরফে হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে গত বছরের ৬ সেপ্টেম্বর সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। এরপর গত ১৩ সেপ্টেম্বর গৃহপরিচারিকা মাহফুজা আক্তার হ্যাপি আদালতে হাজির হয়ে জবানবন্দি প্রদান করেন।
মামলায় অভিযোগ করা হয়, ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় সাত মাস আগে কাজে যোগ দেয় মাহফুজা। শাহাদাত ও তার স্ত্রী প্রায়ই তাকে মারধর করতেন, গরম খুন্তির ছ্যাঁকা দিতেন।
ঘটনার পর মাহফুজা পুলিশের কাছে অভিযোগ করে, শাহাদাত ও তার স্ত্রী তাকে মারধর করে আহত করেন। একপর্যায়ে দরজা খোলা পেয়ে সে বাসা থেকে বের হয়ে যায় এবং কালশী এলাকায় এসে অসুস্থ হয়ে পড়ে।


























































