শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » পুরুষের সমান মুজুরি পেতে নারীকে ১৭০ বছর অপেক্ষা করতে হবে: ডব্লিউইএফ


পুরুষের সমান মুজুরি পেতে নারীকে ১৭০ বছর অপেক্ষা করতে হবে: ডব্লিউইএফ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৬

fd081708-9b66-11e6-a83e-3795272c0142-550x413

পূর্বাশা ডেস্ক:

কাজের বিনিময়ে মুজুরির ক্ষেত্রে নারী এবং পুরুষের আর্থিক অসমতা আরও অন্তত ১৭০ বছর পৃথিবীতে বিরাজ করবে। পুরুষের সমান বেতন পেতে নারীকে এই সুদীর্ঘকাল অপেক্ষা করতে হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’র বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।

গবেষকরা এক বছর আগে এক জরিপে জানিয়েছিলেন, নারী-পুরুষের অর্থনৈতিক বৈষম্য ঘুচতে অন্তত ১১৮ বছর সময় লাগবে। কিন্তু সর্বশেষ সুইস নন প্রফিট প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’র সারা বিশ্বজুড়ে পরিচালিত এক জরিপে পূর্বানুমানের সঙ্গে আরও ৫২ বছর যোগ হয়েছে।

নারী-পুরুষের মধ্যকার শিক্ষা, স্বাস্থ্য, সক্ষমতা, অর্থনৈতিক সুযোগ এবং রাজনৈতিক ক্ষমতায়ণ এই বিষয়গুলোকে সামনে নিয়ে ১৪৪টি রাষ্ট্রের মধ্যে পরিচালিত জরিপে সমতার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে আইসল্যান্ড এবং ফিনল্যান্ড। তারপরই আছে নরওয়ে এবং সুইডেন। পঞ্চম স্থানে আছে রুয়ান্ডা, কারণ অর্থনৈতিক ক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ, আয়ের ক্ষেত্রে সমতা এবং পার্লামেন্টে সবচেয়ে বেশি নারীর অংশগ্রহণ রয়েছে এই দেশটিতে।

তবে ডব্লিউইএফ জরিপে সবচেয়ে তলানিতে আছে ইয়েমেন। তার পরে আছে সিরিয়া, সৌদি আরব এবং ইরানের নাম। এই দেশগুলোতে নারী-পুরুষের বৈষম্য সবচেয়ে প্রকট।

নারীর ক্ষমতায়ণে যুক্তরাষ্ট্রের অবস্থান ৭৩তম। যদিও ধারণা করা হচ্ছে, দেশটিতে ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে হিলারি বিজয়ী হয়ে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করবেন।

৩৯১ পৃষ্ঠার ওই প্রতিবেদনে জানানো হয়েছে, রাজনীতিতে নারীর অংশগ্রহণ সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। নারীর রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সঙ্গে তাদের অর্থনৈতিক অংশগ্রহণও ধীরে ধীরে বাড়ছে। তবে, এর গতি ধীর হলেও নিবিড়ভাবে তা হচ্ছে। আর তাই চক্রবৃদ্ধির হিসাব করে মুজুরির ক্ষেত্রে নারী-পুরুষ সমতা আসতে ১৭০ বছরের মতো সময় লেগে যাবে বলে গবেষণা বলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি