পূর্বাশা ডেস্কঃ
বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক স্মার্টফোন ‘আইফোন ৭’ বাজারে এনেছে মাত্র একমাস আগে। এর মধ্যেই এবার আইফোনের পরবর্তী মডেল নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে এবার আইফোন ৮-এ আনা হবে বড় চমক। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।
আইফোন বাজারে আসার ১০ বছর পূর্তি হবে আগামী বছর। আর এ ১০ বছরকে স্মরণীয় করতেই আইফোন ৮-এ চমক আনতে চাইছে অ্যাপল। এজন্য আইফোনের ডিজাইনে যুগান্তকারী পরিবর্তনের কথা জানাচ্ছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
কী কী থাকবে আইফোন ৮ মডেলে? এ প্রসঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমে কিছু তথ্য প্রকাশিত হয়েছে। এতে জানা গেছে, আইফোন ৮-এ থাকবে গ্লাস ব্যাক। অর্থাৎ সামনের মতো পেছনেও থাকছে কাচের বডি। অ্যালুমিনিয়ামের স্থান নেবে গ্লাস।
বিশ্লেষকরা বলছেন, ওএলইডি ডিসপ্লে, ফুল গ্লাস ডিসপ্লেসহ আইফোন ৮ এ কয়েকটি নতুন ফিচার এবং আপগ্রেড দেখতে পাব আমরা। ফোনটিতে কোন হোম বাটন থাকবে না।
বিশ্লেষক কুলবিন্দার গার্কার মতে, ২০১৭ সালে আইফোনের ১০ বছর পূর্তিতে সে সময় মুক্তিপ্রাপ্ত আইফোন মডেলটির ডিজাইনে বড় পরিবর্তন আসবে। সে সময়ের আইফোন ৫.৮ ইঞ্চি এ্যামোলেড ডিসপ্লেসহ কাভার্ড গ্লাস কেসে বাজারে আসবে। এ্যাপল ইনসাইডার জানায়, আসন্ন ফোনের ডিসপ্লেতে টাচআইডি সেন্সর, ফেস টাইম ক্যামেরা, স্পিকার এমবেড করতে পারে এ্যাপল।
গার্কা তার নোটে লেখেন, ‘ওএলইডি ডিসপ্লে, ফুল গ্লাস ডিসপ্লেসহ আইফোন ৮-এ কয়েকটি নতুন ফিচার এবং আপগ্রেড দেখতে পাব আমরা। ফোনটিতে কোন হোম বাটন থাকবে না। ফোনটিতে উন্নত ট্যাপ্টিক ইঞ্জিন, উন্নতমানের ক্যামেরা এবং তারবিহীন চার্জিংয়ের ব্যবস্থা থাকবে।’
জানা গেছে, আইফোন ৮ তৈরির সময় অ্যাপল ফোনের ডিসপ্লে নিতে পারে প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের কাছ থেকে। সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোতে খবর চাউর হয়েছে যে, অ্যাপল ও স্যামসাং ডিসপ্লে নিয়ে আলোচনা শুরু করেছে।
ফোর্বসের প্রতিবেদনে জানানো হয়, অ্যাপলের বর্তমান আইফোনগুলোতে এলসিডি ডিসপ্লে ব্যবহৃত হলেও ভবিষ্যতে ওএলইডি বা অর্গানিক লাইট এমিটিং ডায়োড ডিসপ্লে ব্যবহৃত হবে। এ ডিসপ্লে সরবরাহ করবে স্যামসাং।
সাধারণত দুটি সাইজে আইফোন আনা হয়। তবে ভিন্ন তিনটি সাইজ নিয়ে আসছে অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন ৮। উত্তেজনাকর তথ্যটি অবশ্য নির্মাতা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কোনো সুত্র থেকে আসেনি। কোপার্টিনো বেজড প্রতিষ্ঠানের জনপ্রিয় আইফোনের দশম বর্ষপূর্তি উপলক্ষে এমন ধারণা করা হচ্ছে।
আইফোন ৮ এর প্রত্যাশিত সাইজের একটি ৪.৭ ইঞ্চি আর অন্য দুটি ৫ ইঞ্চি, ৫.৫ ইঞ্চি। এছাড়া নতুন আইফোনে থাকছে না বর্তমান আইফোনের নকশা।

























































