পূর্বাশা ডেস্কঃ
রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য ওই দিন ধার্য করেন।
উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ ওই বাড়ীতে গত ২৬ জুলাই ভোর রাতে পুলিশ ওই বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায়। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থা আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়।























































