জাকির হোসেন হাজারী:
সন্ত্রাসীদের গুলি ও চাপাতির আঘাতে নিহত কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন সরকার হত্যা মামলাটি কুমিল্লা জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে মামলাটির দায়িত্ব নেয়ার পর রাতেই এজাহারভূক্ত আসামী বেলাল হোসেন ওরফে বাবুল কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার ও মামলা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মঞ্জুরুল আলম। গ্রেফতারকৃত বাবুল দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। এজাহারে জুলহাস, মোহাম্মদ আলী, হাসান, ইয়াছিন, আবু সাইদ, আল আমিন, শাকিল, রাসেল, নূর মোহাম্মদ, সুমন, সাইফুল, শাকিল ও রুবেল মিয়াসহ আরো ৭/৮জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা পুলিশ সুপার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আশরাফ, জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া , তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম(পিপিএম) ও গৌরীপুর পুলিশ ফাড়িঁর ইনচার্য তপন বাগচি। পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, হত্যাকান্ডের বিষয়ে কিছু তথ্য আমরা ইতোমধ্যে পেয়েছি। সে তথ্যের ভিত্তিতে কাজ চলছে। ঘটনার সব দিক বিবেচনা করেই আমাদের টিম মাঠে কাজ করছে। খুব সহসাই হত্যাকান্ডের আসল রহস্য জানতে পারবেন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, ঘটনাস্থল দাউদকান্দি হওয়ায় এ থানায় ২০ জনের নামে মামলা হয়েছে। বুধবার দুপুরেই মামলাটি ডিবি’র নিকট হস্তান্তর করা হয়েছে। এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে গেীরীপুর বাজারের গুরুত্বপুর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, কুমিল্লার আদালতে একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে মঙ্গলবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় ইউপি চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগীদের বহনকারী মাইক্রোবাসে সন্ত্রাসীরা গুলি চালিয়ে এবং কুপিয়ে মারাত্মক আহত করে। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মনির হোসেন ও তার সহযোগী মহিউদ্দিন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে নিহত মনির হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং ৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এদিকে ওই ঘটনার পর থেকে দাউদকান্দির গৌরীপুর বাজার ও তিতাসের জিয়ারকান্দি এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।


















































