শান্তি দেবী। মাথায় ঘোমটা, পরনে সাধারণ একটি শাড়ি। বয়স ৫৫ বছর। এই কথাগুলো শুনলে মনে হবে একজন গৃহিনী মায়ের কথা। কিন্তু না, শান্তি দেবীর হাত গৃহিনী মায়েদের মত কোমল নয়। তার হাতের গড়ন খুবই মজবুত। কারণ তিনি এই বয়সে যেই কাজটি করেন একজন পুরুষেরও তা করা কঠিন।
হ্যা তিনি পেশায় একজন ট্রাক মেকানিক। দিল্লির সঞ্জয় গাঁধী ট্রান্সপোর্ট নগরে (এসজিটিএন) গেলেই দেখা মিলবে তার। সম্ভবত ভারতের প্রথম নারী ট্রাক মেকানিক তিনিই।
হয়তো মহিলা-পুরুষ সাম্য-বৈষম্যের এত তথ্য জানেন না তিনি। কিন্তু প্রতিদিন তথাকথিত ‘পুরুষ’দের কাজ করেই দিন পার হয় তার। দিল্লির এসজিটিএন-এ একটি চায়ের দোকানের পাশেই নিজের ট্রাকের গ্যারেজ চালান তিনি। পাশের চায়ের দোকানটি শান্তিদেবীর স্বামীর। তারা দু’জনে মিলে ২০ বছর ধরে এই ব্যবসা চালিয়ে আসছেন।
কিন্তু মহিলাদের চিরাচরিত কাজগুলো ছেড়ে হঠাৎ ট্রাক মেকানিকই বা হতে গেলেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, স্বামীর কাছ থেকেই এই কাজে হাতেখড়ি। বিয়ের পর থেকেই দেখতেন এসজিটিএন-তে ট্রাক ঠিক করেন স্বামী। তখন থেকেই স্বামীর সঙ্গে তিনিও হাত লাগাতেন এই কাজে।
আর এখন শান্তিদেবী একাই একশো। তিনি বলেন, ‘পুরুষদের থেকেও ভাল কাজ করতে পারি আমি। প্রতিদিনের কাজে সেটা প্রমাণও করে দেই।’
অনেকেই আমার কাজ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি আমার মত কাজ করে যাই বলে জানান জীবন যুদ্ধে হার না মানা এই নারী।

























































