বিদেশি দাতাদের কাছ থেকে ঋণ নয় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার তহবিলের অর্থ অনুদান হিসেবেই গ্রহণ করা উচিত বলছেন গবেষকরা। সহায়তা তহবিলের অর্থ ব্যবহারের পদ্ধতি নিয়ে সরকার ও দাতাদের টানাপোড়েনের সমাধান মরক্কো সম্মেলনে হবে বলেও আশা করছেন তারা।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোকে ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে ১০ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয় উন্নত বিশ্ব। এ লক্ষ্যে গ্রিন ক্লাইমেট ফান্ড নামের একটি তহবিলও গঠন করা হয়। ওই ফান্ডের আওতায় ৮০ মিলিয়ন ডলারের একটি প্রকল্পের কাজ চলছে দেশে।
শুরুতে এই তহবিলের অর্থ অনুদান হিসেবে দেয়ার অঙ্গীকার থাকলেও, এখন দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ হিসেবে অর্থ ছাড় করছে দাতা দেশ। মরক্কোয় চলমান সম্মেলনে জলবায়ু তহবিলের অর্থ ঋণ নয় অনুদান হিসেবে পেতে তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দেশে সরকারের নিজস্ব অর্থায়নের জলবায়ু ট্রাস্ট থেকে সাত বছরে দুই হাজার ৩০০ কোটি টাকা খরচ করা হয়েছে ৩৬০টি প্রকল্পে। অথচ একই কার্যক্রমের জন্য যুক্তরাজ্যের দাতাসংস্থা ডিএফআইডির বরাদ্দ করা ১২৮ কোটি টাকা ফেরত গেছে গত এক বছরে।
এই তহবিল নিয়ে সরকারের সঙ্গে দাতাগোষ্ঠীর যে টানাপোড়েন চলছে তা কোপ টোয়েন্টি টু সম্মেলনে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বাংলাদেশ এমন প্রত্যাশা গবেষকদের।
এদিকে মরক্কোয় জলবায়ু সম্মেলনে এসডিজিতে পানি নিয়ে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে একটি তহবিল গঠনের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


























































