গেল ৮ অক্টোবর থেকে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী এবং সীমান্ত পুলিশ।
বিবিসি, আলজাজিরা, টিআরটি ওয়াল্ড, ইরাবদী, ডিবিভি এবং এএফসিহ সব মিডিয়া সংবাদ জানাচ্ছে রাখাইন প্রতিবেদক এবং সরকারি সূত্রের বরাতে। এমনটি তারা ২০১২ সালের রাষ্ট্রীয় নিপীড়নের সময়েও করেছিল।
এবারও সরকারি সূত্রের বরাতে, গত ৯ অক্টোবর রাত ৩টায় মংগডুর চি কান পিনে সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে হামলা চালিয়ে কাঠের লাঠি এবং তরবারি দিয়ে ৯জন সীমান্তরক্ষীকে হত্যার অভিযোগ করা হয়েছে রোহিংগাদের বিরুদ্ধে।
এ ঘটনা সত্যতা তদন্ত করার জন্য সংবাদকর্মী ও মানবাধিকার কর্মীদের ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি। বরং এলাকাটি ঘিরে ফেলে নিরীহ রোহিংগা মুসলমাদের গণহারে হত্যা শুরু হয়েছে। যা থেকে রেহাই পায়নি রোহিংগা নারী ও শিশুরা। হত্যার পাশাপাশি গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে।
এরই মধ্যে অন্তত ৬৯ জনকে হত্যা করার কথা স্বীকার করেছে মিয়ানমার সেনাবাহিনী।
কিন্তু নিপীড়িত রোহিংগাদের অধিকার বিষয়ক সংগঠনগুলো জানাচ্ছে হত্যাযজ্ঞের শিকার মানুষের সংখ্যা এরইমধ্যে দেড়শতাধিক ছাড়িয়ে গেছে।
স্থানীয় রোহিঙ্গা মুসলিমদের আনাড়ি হাতের তোলা বিভিন্ন ছবি এবং ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে ব্লগসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

























































