পূর্বাশা ডেস্ক:
রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছেন স্থানীয় আওয়ামী লীগের ১০ নেতা। শুধু তাই নয়, দলীয় মনোনয়নের জন্য তাঁরা লবিং-গ্রুপিংয়ের পাশাপাশি নানা কৌশলে দৌঁড়ঝাপ চালিয়ে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
তবে বিএনপি ও জাতীয় পার্টিসহ সরকারের শরীক ওয়ার্কার্স পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে এই নির্বাচন নিয়ে তেমন আগ্রহ চোখে পড়ছে না। এনিয়ে তাদের মধ্যে কোনো আগ্রহও নেই বলেই মনে হচ্ছে।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, গত শুক্রবার দলীয় মনোনয়নের আবেদনের শেষ দিন পর্যন্ত কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে জীবনবৃত্তান্তসহ আবেদনকারীরা হলেন যথাক্রমে- বর্তমান প্রশাসক, দলের জাতীয় পরিষদ সদস্য ও প্রাক্তন রাজশাহী মহানগর সভাপতি মাহবুব জামান ভুলু, সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিনাতুন নেছা তালুকদার, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মোহাম্মাদ আলী সরকার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কোর্ট কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম বাবু, দলের জাতীয় পরিষদের সদস্য আতাউর রহমান খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট আবদুস সামাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান।
সূত্র মতে, জিনাতুন নেছা তালুকদার সংরক্ষিত আসনে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ছিলেন। মাহবুব জামান ভুলু চার বছর ধরে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ আলী সরকার রাজশাহী চেম্বারে দুই দফায় সভাপতির দায়িত্ব পালন করেন। অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রায় ৫ বছর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। আতাউর রহমান খান গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান ছিলেন। আবদুস সামাদ রাজশাহী জজকোর্টের জিপি ছিলেন। তবে তরুণ নেতা লাবলু, ফকরুল ও আলফোর এখনো কোনো দায়িত্বশীল পদ পাননি।
সূত্র জানায়, বর্তমান প্রশাসক মাহবুব জামান ভুলুকে হটিয়ে এবার দলীয় মনোনয়ন লাভের চেষ্টা করছেন বাকী নয়জনই। এদের মধ্যে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার প্রতি সমর্থনের পাল্লা ভারী বলে জানা গেছে। তবে নতুনদের যে কেউ মনোনয়ন পেলে মাহবুব জামান ভুলুর কপাল টলবে। স্থানীয় সংসদ সদস্য ও পদস্থ নেতা ছাড়াও কেন্দ্রীয় নেতাদের অনেকেই এবার মাহবুব জামান ভুলুকে চাইছেন না বলে জানা গেছে। কারণ হিসেবে দলীয় সূত্রগুলোর অভিযোগ, জেলা পরিষদের সরকারি বরাদ্দ একাই নিয়ন্ত্রণ করেছেন মাহবুব জামান ভুলু। উপদেষ্টা ও জেলার ৭ এমপি এবং দলীয় নেতাদের উপেক্ষা করে নিজের ইচ্ছেমত বরাদ্দ ভাগ-বাটোয়ারাও করেছেন তিনি।
এ ক্ষেত্রে দলীয় এমপিদের সাথে কোনো সভাও করেননি বর্তমান প্রশাসক ভুলু। তাই ভুলু বাদে যেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবেন, দলীয় সাংসদ ও নেতারা তার পক্ষেই কাজ করবেন বলে জানা গেছে। আর মাহবুব জামান ভুলু দলীয় মনোনয়ন পেলে ক্ষুব্ধ নেতা এবং এমপিরা তার পক্ষে মাঠে নাও নামতে পারেন বলে আভাস দিয়েছেন অনেকে।
অভিযোগ রয়েছে, পালক ছেলের পরামর্শে বিগত বছর জেলা পরিষদ চালিয়েছেন বর্তমান প্রশাসক মাহবুব জামান ভুলু। ওই পালক ছেলেকে দিয়েই সরকারি বরাদ্দের বিপরীতে ‘কমিশন বাণিজ্য’ এবং হরিলুট করা হয় বলেও দলীয় একাধিক সূত্র দাবি করেছে। এ নিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতা ও দলীয় এমপিদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। ফলে মাহবুব জামান ভুলুর বিরুদ্ধে সকলে মিলে একাট্টা বলে জানা গেছে।
জানা যায়, ২০১৩ সালের সেপ্টেম্বরে রাজশাহীর ৯ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য চেয়ারম্যানরা একযোগে জেলা পরিষদের প্রশাসক মাহববুব জামান ভুলুর বিরুদ্ধে সরকারি বরাদ্দের কোটি টাকা অনিয়মের অভিযোগ তুলেন। এ নয়ে ওই সময় বিভিন্ন মিডিয়ার খবরে তোলপাড় শুরু হয়। সূত্র মতে, উপজেলা পরিষদের চেয়ারম্যানরা অভিযোগ তোলার পরের বছর ২০১৪ সালে নয় উপজেলা চেয়ারম্যানকে ৫/৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এর পরে উপজেলা চেয়ারম্যানদের আর কোনো প্রকল্প বরাদ্দ দেননি প্রশাসক মাহবুব জামান ভুলু।
একটি দায়িত্বশীল সূত্র জানায়, ২০১৪ সালে বাঘার আড়ানির সনাতন ধর্মাবলম্বি অধ্যুষিত এলাকায় একটি শ্বশান নির্মাণের জন্য ৬/৭ লাখ টাকা বরাদ্দ চেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম জেলা পরিষদের প্রশাসক মাহবুব জামান ভুলুকে অনুরোধ করেছিলেন। কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ওই চাহিদাপত্র নাকচ করে দিয়েছিলেন প্রশাসক মাহবুব জামান ভুলু। জেলার অন্য সংসদ সদস্যগণও তার কাছে কোনো পাত্তা পাননি বলে জানা গেছে।
জানা যায়, ২০১১ সালের ১৫ ডিসেম্বর রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পান মাহবুব জামান ভুলু। এরপর প্রায় ১৫ কোটি টাকার সাধারণ বরাদ্দ আসে রাজশাহী জেলা পরিষদে। এর বাইরে রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা বিশেষ বরাদ্দ নিয়ে এসেছেন প্রায় ৫ কোটি টাকা। সবমিলিয়ে গত চার বছরে প্রায় ২০ কোটি টাকার বিভিন্ন কাজ করেছে রাজশাহী জেলা পরিষদ। এসব বরাদ্দের অনেকটাই লুটাপাট হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন মাহবুব জামান ভুলু। তিনি দাবি করেন, ‘কোনো বরাদ্দই নয়-ছয় করা হয়নি। সুষ্ঠুভাবে কাজ করা হয়েছে। এমিরা তো আলাদা বরাদ্দ পান, তাই জেলা পরিষদের বরাদ্দের বিষয়ে তাদের জানানো হয়নি। এনিয়ে তাদের মাঝে ক্ষোভের বিষয়টি জানা নেই বলেও জানান তিনি।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান পদে ১০ নেতা দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন বলে শুনেছি। গত শুক্রবার দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে তাদের আবেদনপত্র যাচাই-বাছাইও হয়েছে। মনোনয়ন বোর্ডের পরবর্তি সভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবেন। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে জেলা আওয়ামী লীগ থাকবে বলে জানান তিনি।


























































