শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিক্ষোভে ভারত উত্তাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০১৬

262069_1
পূর্বাশা ডেস্ক:

ভারতে দেশটির ৫শ এবং ১হাজার রুপির নোট নিষিদ্ধের জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এ নিয়ে দেশটির রাজনৈতিক দলগুলোসহ ফুঁসে উঠেছে সাধারণ মানুষেও। যে কারণে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ।

সোমবার বিবিসির খবরে বলা হয়েছে, এদিন রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে দেশটির বিভিন্ন রাজ্যের জনগণ।

সবচেয়ে জোরালো প্রতিবাদ হয়েছে কলকাতায়, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়ে বলেন, মোদিকে রাজনীতি থেকে সরিয়েই ছাড়বেন।

দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস অবশ্য বলেছে, তারা কোনও ‘ভারত-বনধ’ ডাকেনি, দেশের মানুষ সোমবার শুধু তাদের ‘আক্রোশ’ প্রদর্শন করছেন।

এই চাপের মুখে সরকার অবশ্য এখনও নতি স্বীকারের কোনও ইঙ্গিত দেয়নি। তবে কালো টাকা নিয়ে পার্লামেন্টে বিতর্কের সময় প্রধানমন্ত্রী হাজির থাকবেন বলে কথা রয়েছে।

দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরসহ দেশটির বিভিন্ন রাজ্যে কংগ্রেস ও বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকে বেশ বড় মাপের বিক্ষোভ মিছিল হয়েছে।

নোট নিষিদ্ধ: বিক্ষোভে উত্তাল ভারত

খবরে বলা হয়েছে, এ মাসের শুরুতে রাতারাতি ৫শ ও ১হাজার রুপির পুরনো নোট অচল হয়ে যাওয়ার জেরে আমজনতাকে যে চরম দুর্ভোগে পড়তে হয়েছে তার প্রতিবাদেই এই বিক্ষোভ।

দেশের প্রধান বিরোধী নেতাদের মধ্যে একমাত্র বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। কিন্তু তার রাজ্যের রাজধানী পাটনাতেও বামপন্থী দল সিপিআইএমএল বেশ বড়সড় বিক্ষোভ মিছিল করেছে।

সবচেয়ে বিচিত্র অবস্থা ছিল পশ্চিমবঙ্গে। মানুষের ভোগান্তির প্রতিবাদে রাজ্যে বনধ ডেকেছিলেন বামপন্থীরা। কিন্তু রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সর্বশক্তিতে সেই বনধের প্রতিবাদ জানায়। বামপন্থিরা সমাবেশ জমাতে পারেনি বলে দাবি কংগ্রেসের।

কিন্তু তার কিছুক্ষণ পরে একই ইস্যুতে শহরের বুকে মিছিল করে কলকাতা অচল করে দেন তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি নিজেই।

এমন কী, মিছিলের শেষে এক জনসভা থেকে তিনি প্রধানমন্ত্রীকে হুমকি দেন কড়া ভাষায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই সভায় বলেন, “এই দেশে ১২৭ কোটি মানুষ, খেলাটা অত সহজ নয়। আজ সবাই শপথ নিয়ে বলুন, হয় মরবো কিংবা বাঁচবো, কিন্তু নরেন্দ্র মোদিকে ভারতবর্ষের রাজনীতি থেকে সরাব।”

এদিকে, দেশের নানা প্রান্তে বিক্ষোভ বা মমতা ব্যানার্জির মতো রাজনীতিকদের হুমকির পরও সরকার অবশ্য এখনও বলছে, নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করার কোনও সম্ভাবনাই নেই।

সাময়িক অসুবিধা হলেও দেশের বেশির ভাগ মানুষ প্রধানমন্ত্রীকে সমর্থন করছেন বলেই তাদের দাবি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি