আশুলিয়ায় লাইটার কারখানায় অগ্নিকান্ডে দগ্ধ সখিনা আক্তারও (২০) বাঁচল না। আঁখি, রকি ও মাহমুদা আক্তারের মতো তিনিও পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। বুধবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হবে।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, সখিনার শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল।
সখিনার বাবার নাম ওকেবুল মিয়া। গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জের কুতুবপুর গ্রামে। তিনি এক সন্তানের জননী ছিলেন।
ওই অগ্নিকা-ের ঘটনায় এ নিয়ে মোট চারজনের মৃত্যু হলো। ঘটনার দিন মঙ্গলবার রাতে আঁখি আক্তার ও গত বৃহস্পতিবার রকি এবং সোমবার মাহমুদা নামে আরো তিন দগ্ধ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ২২ নভেম্বর আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ‘ম্যাক্স (বিডি) লিমিটেড’ নামের একটি ম্যাচ কারখানায় আগুন লাগলে বিভিন্ন বয়সী ২৬ জন নারী কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে বার্ন ইউনিটে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের মধ্যে -মুক্তি খাতুন, সীমু আক্তার, ফারজানা আক্তার ও ফাতেমা ২০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া জাকিয়ার ১২ শতাংশ, জান্নাতী আক্তার ৩০ শতাংশ, সনিয়া আক্তার ২২ শতাংশ, লাভলী আক্তার ৩০ শতাংশ, সনিয়া আক্তার ৩০ শতাংশ, হেলেনা আক্তার শরীফার ১২ শতাংশ, নাজমা আক্তার ২৫ শতাংশ, ইসরাত জাহান খাদিজা ১৬ শতাংশ, নেহারা বেগম ৪০ শতাংশ এবং তার পুত্রবধূ হালিমা আক্তারের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তাই কাউকেই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।


























































