মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অধিনায়কদের টুর্নামেন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৬

030928mashrafe_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

ইনজুরি তাঁর চিরসখা। ক্যারিয়ারে কম ধকল তো যায়নি সে কারণে; দুই হাঁটুতে অপারেশনই হয়েছে সাতবার।

তুলনায় হ্যামস্ট্রিং ইনজুরি আর এমন কী! চট্টগ্রাম থেকে বয়ে আনা সেই ইনজুরি সত্ত্বেও খেলে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। আর কাল কুমিল্লা ভিক্টোরিয়ানস অধিনায়ক কী দুর্দান্তই না খেলেন! সত্যিকার অধিনায়কের মতোই!

পাঁচ-ছয় পা দৌড়ে শর্ট রানআপে বোলিং করেন মাশরাফি। তাতেও চার ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার। খুলনা টাইটানসের ইনিংস ১৪১ রানে আটকে রাখায় সবচেয়ে বড় ভূমিকা কুমিল্লা অধিনায়কের। এরপর ব্যাটিংয়ে তাঁর ১১ বলে ২০ রানের ঝোড়ো ইনিংস ড্রেসিংরুমে ছড়ায় বিশ্বাসের প্রেরণা। দলের জয়ে প্লে-অফে খেলার টিমটিমে আশার প্রদীপ তাই জ্বলে আছে এখনো। আর সামগ্রিক অর্থে এবারের বিপিএলে মাশরাফির পারফরম্যান্স মন্দ কী! ১১ ম্যাচে ১১ উইকেট নিয়ে দলের সফলতম বোলার। ২৪.৪৫ গড় এবং ৬.৪ ইকোনমিতে। ব্যাটিংয়ে কালকের ইনিংস ছাড়াও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৩৫ বলে ৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস রয়েছে মাশরাফির।

বিপিএলের সাত দলের অধিনায়কদের লড়াইয়ে অবশ্য ‘বিজয়ী’ বলা যাবে না কুমিল্লা ভিক্টোরিয়ানস অধিনায়ককে। ওই সিংহাসন বরাদ্দ খুলনা টাইটানসের মাহমুদ উল্লাহর জন্য। ১১ ম্যাচে ৩৫.৪৪ গড় এবং ১১৬.৮৪ স্ট্রাইকরেটে ৩১৯ রান করে আছেন সেরা পাঁচে। ফিফটি পেরোনো ইনিংস অবশ্য একটিই—চট্টগ্রামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬২। তবে অলরাউন্ডার মাহমুদের বড় কীর্তি বোলিংয়ে। ১১ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন; এর মধ্যে আলাদা করে ঝাড়বাতির রোশনাই ওই দুটি ম্যাচে। যেখানে শেষ ওভারে অবিশ্বাস্যভাবে খুলনাকে জেতান মাহমুদ।

প্রথমটি টুর্নামেন্টের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে। শেষ ওভারে তিন উইকেট হাতে নিয়ে প্রতিপক্ষের প্রয়োজন ৭ রান। মাহমুদ ৩ রান দিয়ে তিন উইকেট তুলে জিতিয়ে দেন দলকে। এক ম্যাচ বিরতিতে আবার এই বীরত্বের পুনরাবৃত্তি। এবার চিটাগং কিংসের শেষ ওভারে প্রয়োজন ৬ রান; হাতে ৪ উইকেট। খুলনার অধিনায়ক দেননি ১ রানের বেশি; তুলে নেন তিন উইকেট। ৪ রানে জেতে খুলনা; আবারও ম্যাচসেরা মাহমুদ। চট্টগ্রামে বরিশাল বুলসের বিপক্ষে ২২ রানে জেতা ম্যাচেও মাহমুদ ম্যান অব দ্য ম্যাচ। আগে ২৬ বলে ৪৪ রান; পরে চার ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়ে।

অধিনায়কত্বের লড়াইয়ে পিছিয়ে রাখার উপায় নেই তামিম ইকবালকেও। চিটাগং ভাইকিংস দলনেতার ব্যাট থেকে এসেছে টুর্নামেন্ট-সর্বোচ্চ ৪২৫ রান। ১১  ম্যাচে ৪৭.২২ গড় এবং ১১৬.৭৫ স্ট্রাইকরেটে তাঁর এই রান। বিপিএলের প্রথম ম্যাচেই তামিম করেন ৩৮ বলে ৫৪। ঢাকার প্রথম পর্বের শেষ ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে ৫১ বলে ৭৫ রানের আরেক বিস্ফোরক ইনিংসে। এরপর ফর্মে কিছুটা মরচে ধরলেও ক্রিস গেইল দলের সঙ্গে যোগ দেওয়ার পর নতুন করে উজ্জীবিত এই বাঁহাতি। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪৮ বলে অপরাজিত ৬২ এবং খুলনা টাইটানসের বিপক্ষে ৫৯ বলে অপরাজিত ৬৬ করে জেতান চিটাগং ভাইকিংসকে; দুই খেলাতেই হন ম্যাচসেরা। গেইলের ওপর থাকা আলো এভাবেই নিজের দিকে টেনে আনেন তামিম।

বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন। তাঁর ব্যাটে রান আসছে নিয়মিত, কিন্তু দলের পতন যে ঠেকাতে পারছেন না সেভাবে! ১১ ম্যাচে ৩৪০ রান মুশফিকের। তিনবার অপরাজিত থাকায় গড় ৪২.৫০; স্ট্রাইকরেট ১৩৬। ফিফটি অবশ্য মাত্র দুটি। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বিপিএলের প্রথম ম্যাচে ৩৬ বলে অপরাজিত ৫০ রান তাঁর। এরপর রাজশাহী কিংসের বিপক্ষে ৫২ বলে অপরাজিত ৮১। সেদিন দল জিতলেও ম্যাচসেরা হননি মুশফিক। ৬১ বলে ১২২ রান করে সে পুরস্কার রাজশাহীর সাব্বির রহমানের। এর পরও ধারাবাহিকভাবে রান আসে মুশফিকের ব্যাট থেকে। কিন্তু বড় স্কোর আর হয়নি। দলের টানা ছয় হারে এর কিছুটা হলেও ভূমিকা রয়েছে। অবশ্য অন্যদের ব্যর্থতা ছিল আরো বেশি।

ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসানের ব্যর্থতা চোখে পড়ার মতো। এই বিপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচে তাঁর ৯ শিকার। কোনো ইনিংসে নিতে পারেননি দুই উইকেটের বেশি। ব্যাটিংয়েও নেই আশা জাগানিয়া কিছু। ১০ ইনিংসে মোটে ১৮৫ রান; ২৩.১২ গড়ে এবং ১২৫.৮৫ স্ট্রাইকরেটে। সাকিবকে কিছুটা চেনা গেছে কেবল কালকের আগের সর্বশেষ তিন ম্যাচে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ২৬ বলে অপরাজিত ৪১ রান করার পর বোলিংয়ে এক উইকেট নিয়ে তিনি ম্যাচসেরা। বরিশাল বুলসের বিপক্ষেও তাই; এবার ২১ বলের ২২ রানের সঙ্গে এক উইকেট শিকারে। পরের ম্যাচে ম্যাচসেরা হতে পারেননি। তবে ২০ বলে ২৯ রানের সঙ্গে এবারের বিপিএলে সেরা বোলিং করে চার ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন বড় ভূমিকা।

বিপিএলের দলগুলোর মধ্যে একমাত্র বিদেশি অধিনায়ক রাজশাহী কিংসের ড্যারেন সামি। ১১ ম্যাচে ২১২ রান এবং ৪ উইকেট সত্ত্বেও সেই ক্যারিবিয়ানের পারফরম্যান্স কেবল দুটি ম্যাচে। রংপুর রাইডার্সের বিপক্ষে ১২ রানে জেতা ম্যাচে ১৮ বলে অপরাজিত ৪৪ রানের টর্নেডো ইনিংস খেলেন সামি। হন ম্যাচেসরা। পরদিন খুলনা টাইটানসের বিপক্ষে আবারও তাঁর ব্যাটের রুদ্ররূপ। এবার দলের ৯ রানের জয়ের ভিত গড়ে দেন ৩৪ বলে অপরাজিত ৭১ রানের অবিশ্বাস্য ইনিংসে। ম্যাচসেরা নিয়ে এবারও ভাবতে হয়নি।

রইলেন বাকি রংপুর রাইডার্সের নাঈম ইসলাম। পুরো আসরে তাঁর বলার মতো কোনো পারফরম্যান্স নেই। ইনজুরির কারণে সর্বশেষ দুই ম্যাচে খেলেননি। যে আট ম্যাচ খেলেছেন, তাতে ব্যাটিংয়ের সুযোগ আসে মাত্র তিন ম্যাচে। তাতে নাঈম সাকুল্যে করেন ৪৩ রান। ব্যাটিং অর্ডারে এত পিছিয়ে থাকা একজন বোলিংয়ে অবদান রাখবেন—সেটি স্বাভাবিক। অথচ বোলিং করেন মাত্র এক ওভার! মোটের ওপর একাদশে থেকেও যেন নন-প্লেয়িং অধিনায়ক হিসেবে খেলছেন নাঈম।

বিপিএলের অন্য অধিনায়কদের পাশে নাঈম কতই না বিবর্ণ!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি